মালদহ কাণ্ড: গ্রেফতার মোথাবাড়ির ISF প্রার্থী! বিচারকদের ‘বন্দি’ রাখার ঘটনায় আরও ১৭ জন শ্রীঘরে
মালদহের কালিয়াচকে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে বেনজির তাণ্ডব ও বিচারকদের আটকে রাখার ঘটনায় কড়া ব্যবস্থা নিল পুলিশ। বুধবারের সেই উত্তাল পরিস্থিতির জেরে গ্রেফতার করা হলো মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের আইএসএফ (ISF) প্রার্থী মৌলানা শাহজাহান আলি-কে। তাঁর সঙ্গেই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাঁদের সকলকেই মালদহ জেলা আদালতে পেশ করা হয়।বুধবার ভোটার তালিকা সংক্রান্ত কাজের জন্য কালিয়াচক ২ নম্বর ব্লক অফিসে উপস্থিত ছিলেন সাত জন বিচারক, যাঁদের মধ্যে তিন জন মহিলাও ছিলেন। বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। দুপুরের পর পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। উত্তেজিত জনতা ব্লক অফিস ঘিরে ফেলে ‘তাণ্ডব’ শুরু করে। বিকেল ৪টে থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত— প্রায় সাড়ে সাত ঘণ্টা ব্লক অফিসের ভেতরেই ‘বন্দি’ হয়ে থাকেন ওই সাত বিচারক। শেষে বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাঁদের উদ্ধার করে।গ্রেফতার হওয়ার পর আদালতে নিয়ে যাওয়ার পথে বিস্ফোরক দাবি করেছেন আইএসএফ প্রার্থী শাহজাহান আলি। তিনি বলেন, “আমি আইএসএফ প্রার্থী বলেই আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।” তাঁর দাবি, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না, বরং একটি জলসা সেরে বাড়ি ফিরছিলেন। পুলিশ যদিও এই যুক্তি মানতে নারাজ এবং সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।ভোটের ঠিক আগে ভোটার তালিকা নিয়ে এই বিক্ষোভ এবং খোদ বিচার বিভাগীয় আধিকারিকদের ওপর হামলার ঘটনা রাজ্যে শোরগোল ফেলে দিয়েছে। বিক্ষোভকারীদের সাফ দাবি ছিল— "আগে ভোটার তালিকার সমস্যার সমাধান করতে হবে, তবেই ভোট হবে।" এই ঘটনাকে কেন্দ্র করে মালদহের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।