Hidden Stories (বাংলা)

মধ্যবিত্তের পকেটে টান! বাণিজ্যিক গ্যাসের পর এবার আগুন অটোর এলপিজি, আরও বাড়ার পথে ভাড়া?

ভোটের রেশ কাটতে না কাটতেই মূল্যবৃদ্ধির চড়া হারে দিশেহারা সাধারণ মানুষ। একে তো বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পিছু দাম বেড়েছে আকাশছোঁয়া, তার ওপর মরার উপর খাঁড়ার ঘায়ের মতো একধাক্কায় লিটার প্রতি ৬ টাকা ৪৪ পয়সা বৃদ্ধি পেল অটোর এলপিজি গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির এই সিদ্ধান্তের ফলে বর্তমানে অটো এলপিজির নতুন দাম দাঁড়িয়েছে প্রতি লিটারে ৮৯ টাকা ৪০ পয়সা। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি সংকটের যে ধারা শুরু হয়েছিল, তার জেরে মার্চ মাস থেকেই দফায় দফায় বেড়েছে গ্যাসের দাম। গত ফেব্রুয়ারিতে যা ছিল মাত্র ৫২ টাকা, কয়েক মাসের ব্যবধানে তা এখন ৯০ টাকার দোরগোড়ায়। বাণিজ্যিক গ্যাসের দামও সিলিন্ডার পিছু প্রায় ৯৯৩ টাকা বেড়ে যাওয়ায় হোটেল-রেস্তোরাঁ থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাথায় হাত। তবে স্বস্তির বিষয় একটাই, ঘরোয়া রান্নার গ্যাসের দামে আপাতত কোনো পরিবর্তন হয়নি।[TECHTARANGA-POST:8631]জ্বালানির এই লাগামহীন মূল্যবৃদ্ধিতে সবথেকে বেশি সংকটে পড়েছেন অটোচালকরা। বেহালা-রাসবিহারীর মতো বিভিন্ন ব্যস্ত রুটে ইতিমধ্যেই ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। নতুন করে গ্যাসের দাম বাড়ায় এখন প্রশ্ন উঠছে, যাত্রীদের পকেটে কি আবার নতুন করে কোপ পড়বে? অটোচালকদের দাবি, ঘনঘন ভাড়া বাড়ালে যাত্রী হারানোর ভয় থাকে, আবার না বাড়ালে নিজেদের পকেট থেকে লোকসান গুনতে হচ্ছে। এই টানাপোড়েনে চরম অনিশ্চয়তার মুখে কলকাতার গণপরিবহন ব্যবস্থা। একদিকে জ্বালানির জোগান নিয়ে সমস্যা, অন্যদিকে হু হু করে বাড়তে থাকা খরচ— সব মিলিয়ে ভোট মিটতেই আমজনতার দৈনন্দিন জীবনযাত্রার খরচ যে অনেকটাই বাড়তে চলেছে, সেই ইঙ্গিতই দিচ্ছে বর্তমান পরিস্থিতি।হিডেন স্টোরিজ নিউজ

মধ্যবিত্তের পকেটে টান! বাণিজ্যিক গ্যাসের পর এবার আগুন অটোর এলপিজি, আরও বাড়ার পথে ভাড়া?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার