নয়া দিল্লি: সাধারণ মানুষের পকেটে ফের টান। রান্নার গ্যাসের পর এবার জ্বালানির জ্বালা বাড়াল পেট্রোল ও ডিজেল। গত ১৫ মে-ই লিটার প্রতি প্রায় ৩ টাকা দাম বাড়ানো হয়েছিল জ্বালানির। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যেভাবে ঊর্ধ্বমুখী, তাতে মধ্যবিত্তের আশঙ্কা ছিলই। সেই আশঙ্কাকে সত্যি করেই মাত্র ৫ দিনের ব্যবধানে মঙ্গলবার সকাল থেকে ফের একপ্রস্থ বাড়ল পেট্রোল-ডিজ়েলের দাম। এবার এক ধাক্কায় লিটার প্রতি অন্তত ৯০ পয়সা করে দাম বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের।নতুন এই মূল্যবৃদ্ধির ফলে দেশের চার মহানগরে জ্বালানির দাম আকাশছোঁয়া। দেশের রাজধানী নয়া দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৮৭ পয়সা বেড়ে হয়েছে ৯৮ টাকা ৬৪ পয়সা এবং ডিজেল ৯১ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯১ টাকা ৫৮ পয়সায়। অন্যদিকে খাস কলকাতায় পেট্রোলের দাম ৯৬ পয়সা বাড়ায় আজ থেকে তিলোত্তমায় প্রতি লিটার পেট্রোল বিকোচ্ছে ১০৯ টাকা ৭০ পয়সায়, আর ৯৪ পয়সা বেড়ে ডিজেলের নতুন দাম হয়েছে ৯৬ টাকা ৭ পয়সা। দক্ষিণ ভারতের চেন্নাইতেও পেট্রোল ৮২ পয়সা এবং ডিজেল ৮৬ পয়সা বেড়ে যথাক্রমে ১০৪ টাকা ৪৯ পয়সা ও ৯৬ টাকা ১১ পয়সায় ঠেকেছে।বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি পেট্রোলিয়াম পণ্যের রফতানিতে অতিরিক্ত আবগারি শুল্ক বা স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি বসানো হলেও, খুচরো বাজারে এই দাম বৃদ্ধির আসল কারণ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের লাগামহীন দর। পশ্চিম এশিয়ায় ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা এখনও চরমে। যুদ্ধবিরতি চললেও ইরানের ওপর হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ওপর বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ় প্রণালীও প্রায় অবরুদ্ধ। এর জেরেই সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১১১ ডলার এবং ডব্লিউটিআই ১০৭ ডলার ছাড়িয়ে গিয়েছে। পরিস্থিতি এভাবে চলতে থাকলে ভবিষ্যতে জ্বালানির দাম আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছেন বিশেষজ্ঞরা।দিনকয়েক আগেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছিলেন। ব্যক্তিগত গাড়ি কম ব্যবহার করে গণপরিবহনের ওপর জোর দেওয়া এবং প্রয়োজনে বাড়ি থেকে কাজ বা 'ওয়ার্ক ফ্রম হোম' করার পরামর্শ দিয়েছিলেন তিনি। এমনকি বার্তা দিতে প্রধানমন্ত্রী নিজে এবং বিজেপির একাধিক নেতা-মন্ত্রী তাঁদের কনভয়ের গাড়ির সংখ্যাও কমিয়ে ফেলেন। কিন্তু প্রধানমন্ত্রীর সেই বার্তার পরপরই যেমন একবার দাম বেড়েছিল, তেমনই তার এক সপ্তাহের মধ্যে ফের একদফায় দাম বাড়ায় কার্যত দিশেহারা সাধারণ মানুষ। গণপরিবহন ব্যবহারের পরামর্শ দিলেও জ্বালানির এই লাগাতার মূল্যবৃদ্ধির জেরে বাস-ট্যাক্সি বা নিত্যপ্রয়োজনীয় জিনিসের ভাড়াও যে এক ধাক্কায় অনেকটা বাড়বে, সেই চিন্তায় এখন কপালে ভাঁজ মধ্যবিত্তের।[TECHTARANGA-POST:9252]হিডেন স্টোরিজ নিউজ
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার