নয়াদিল্লি: পশ্চিম এশিয়ার আকাশজুড়ে যুদ্ধের কালো মেঘ এখনও ঘনিয়ে রয়েছে। অন্যদিকে, ভারতের সীমান্তে চিনের ক্রমাগত চোখরাঙানি — বিশ্বজুড়ে যখন চূড়ান্ত অস্থিরতা, ঠিক তখনই ভারতের প্রতিরক্ষাব্যবস্থায় এক বড়সড় রদবদল করল কেন্দ্র। একই দিনে ঘোষণা করা হল দেশের পরবর্তী প্রতিরক্ষা সর্বাধিনায়ক বা চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) এবং নতুন নৌসেনা প্রধানের নাম। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, অনিল চৌহানের স্থলাভিষিক্ত হতে চলেছেন অভিজ্ঞ লেফটেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি।[TECHTARANGA-POST:8924]আগামী ৩০ মে বর্তমান সিডিএস অনিল চৌহানের মেয়াদ শেষ হচ্ছে। তাঁর জায়গায় দায়িত্ব নিতে চলা লেফটেন্যান্ট জেনারেল সুব্রমণি কেবল তিন সেনার সমন্বয়ই করবেন না, বরং কেন্দ্রীয় সরকারের সামরিক বিষয়ক দফতরের সচিব হিসাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। উল্লেখ্য, ১৯৮৫ সাল থেকে ভারতীয় সেনার সঙ্গে যুক্ত সুব্রমণি গত চার দশকে নর্দার্ন ও ওয়েস্টার্ন কমান্ডের একাধিক জটিল অপারেশনে সফল নেতৃত্ব দিয়েছেন। ২০২৫ সাল পর্যন্ত সেনার ভাইস চিফ হিসাবে দায়িত্ব পালন করা এই সমরবিদকেই এই কঠিন সময়ে দেশের নিরাপত্তার চাবিকাঠি সঁপে দিল নয়াদিল্লি।[TECHTARANGA-POST:8909]শুধু স্থলপথ নয়, একইসঙ্গে জলসীমান্তের সুরক্ষাতেও নতুন মুখ নিয়ে এল কেন্দ্র। বর্তমান নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশকুমার ত্রিপাঠীর মেয়াদ শেষ হচ্ছে ৩১ মে। তাঁর জায়গায় দায়িত্ব নেবেন ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন। সেনার এই দুই গুরুত্বপূর্ণ রদবদলকে ঘিরে সমর বিশেষজ্ঞদের ধারণা, পাকিস্তান ও চিনের দ্বিমুখী হুমকি মোকাবিলার পাশাপাশি আধুনিক যুদ্ধকৌশলে তিন বাহিনীর মধ্যে নিখুঁত সংহতি গড়ে তোলাই হবে নতুন প্রধানদের প্রধান চ্যালেঞ্জ।[TECHTARANGA-POST:8903]বিশ্ব রাজনীতির উত্তাল আবহে ভারতের এই প্রতিরক্ষা বিন্যাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অভিজ্ঞতার ঝুলি আর রণকৌশলী বুদ্ধিকে হাতিয়ার করে লেফটেন্যান্ট জেনারেল সুব্রমণি এবং ভাইস অ্যাডমিরাল স্বামীনাথন কীভাবে ভারতের অখণ্ডতা রক্ষা করেন, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার