Nagaland Liquor: ১৯ মৃত্যু, ৩ হাজার বোতল উদ্ধার! নাগাল্যান্ডে ভেজাল মদের উৎস খুঁজতে তল্লাশি পুলিশের
নাগাল্যান্ডে ১৯৯০ সালে থেকে মদ নিষিদ্ধ সংক্রান্ত আইন কার্যকর রয়েছে। আইন অনুযায়ী মদের তৈরি, বিক্রি, মজুত, পরিবহণ এবং সেবন নিষিদ্ধ। এরই মাঝে ভেজাল মদ ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, গত কয়েক দিনে মোককচুং ও তুয়েনসাং জেলায় মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের সঙ্গে ভেজাল মদের যোগসূত্র রয়েছে বলে মনে করা হচ্ছে। [TECHTARANGA-POST:13031]ঘটনার পরই প্রশ্ন উঠছে, ড্রাই স্টেট হয়ে কীভাবে এই ধরনের মদ পৌঁছল? কোথা থেকে এসেছিল, কারা নিয়ে এসেছিল তার উত্তর খুঁজছে পুলিশ। মোককচুংয়ের পুলিশ সুপার ভেসুপরা কেজোর নেতৃত্বে তদন্ত এগোচ্ছে। মৃতদের দেহ থেকে সংগ্রহ করা নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য গুয়াহাটিতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, কিছু সূত্র ইতিমধ্যেই তাঁদের হাতে এসেছে। তবে তদন্তের স্বার্থে এখনই সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাইছেন না আধিকারিকরা। [TECHTARANGA-POST:13030]বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রায় ৩ হাজার বোতল ভেজাল মদও বাজেয়াপ্ত করা হয়েছে বলে রিপোর্টে জানানো হয়েছে। এর আগে তুয়েনসাংয়ে মদ খাওয়ার পর কয়েক জনের মাথা ঘোরা, শ্বাসকষ্ট, বমি এবং অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিয়েছিল বলে পুলিশ জানিয়েছিল। ইতিমধ্যেই সাধারণ মানুষকে সতর্ক করেছে প্রশাসন। পরিচয়হীন, লেবেলবিহীন বা সন্দেহজনক উৎসের কোনও মদ পান না করার পরামর্শ দেওয়া হয়েছে।