বাইকে চেপে মুখ ঢাকা দুষ্কৃতীদের তাণ্ডব! আড্ডার মাঝেই ৩ যুবককে ঝাঁঝরা করার চেষ্টা!
নলহাটি: ফের গুলি আর রক্তের হোলি খেলা বীরভূমে! আড্ডা দেওয়ার মাঝেই আচমকা মুড়ি-মুড়কির মতো চলল পর পর ১১ রাউন্ড গুলি। রবিবার মধ্যরাতে নলহাটি থানার হরিদাসপুর গ্রাম সংলগ্ন এলাকায় এই ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলিতে গুরুতর জখম হয়েছেন ৩ স্থানীয় যুবক, যাদের মধ্যে ২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার গভীর রাতে হরিদাসপুর গ্রামের কাছেই একটি রাস্তার ধারে বাঁশের মাচায় বসে আড্ডা দিচ্ছিলেন বিকি শেখ, হাবিবুল শেখ এবং জনি শেখ নামের তিন যুবক। অভিযোগ, সেই সময় তিনটি বাইকে চেপে মুখ কাপড়ে ঢাকা কয়েক জন দুষ্কৃতী ঘটনাস্থলে হাজির হয়। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই তারা বিকিদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। চারপাশ গুলির শব্দে কেঁপে উঠতেই আশপাশের গ্রামবাসীরা ছুটে আসেন, তবে ততক্ষণে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। রক্তাপ্লুত অবস্থায় তিনজনকে উদ্ধার করে দ্রুত রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। পরবর্তীতে বিকি ও জনির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তে নেমেছে পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয়েছে ১০টি তাজা কার্তুজের খোল এবং ১টি অবিস্ফোরিত কার্তুজ। সম্পূর্ণ বিনা প্ররোচনায় কে বা কারা এই রক্তক্ষয়ী হামলা চালাল, এবং এর নেপথ্যে কোনো পুরানো শত্রুতা নাকি এলাকা দখলের লড়াই রয়েছে, তা খতিয়ে দেখতে বিশাল পুলিশ বাহিনী তদন্ত শুরু করেছে।[TECHTARANGA-POST:11419]হিডেন স্টোরিজ নিউজ