ভাঙড়ে ফের নওশাদ, নন্দীগ্রামেও লড়বে আইএসএফ! ২৯ আসনে বাম-ভাইজান সমঝোতা হলেও ৪ কেন্দ্রে বজায় রইল ‘কাঁটা’
কলকাতা: আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজিয়ে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে প্রার্থী তালিকা প্রকাশ করে আইএসএফ স্পষ্ট করে দিল, ভাঙড়ের গড় বাঁচাতে ফের ময়দানে নামছেন বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকী। ফলে ভাঙড়ে এবার শওকত মোল্লা বনাম নওশাদ সিদ্দিকীর হাইভোল্টেজ লড়াই কার্যত নিশ্চিত।এদিন প্রার্থী তালিকা ঘোষণার শুরুতেই আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী জানান, বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করতে বামেদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তাঁরা ঐকমত্যে পৌঁছেছেন। নওশাদের কথায়, "আসন নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ করেছি।" আলিমুদ্দিনের সঙ্গে একাধিকবার চিঠির আদান-প্রদান এবং বৈঠকের পর মোট ২৯টি আসনে বাম-আইএসএফ সমঝোতা চূড়ান্ত হয়েছে। এই আসনগুলিতে আইএসএফ প্রার্থীরা তাঁদের নিজস্ব প্রতীক ‘খাম’ চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করবেন।আইএসএফ-এর কার্যনির্বাহী সভাপতি সামসুর আলি মল্লিক যে ২৯টি আসনের তালিকা দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো, উত্তর ২৪ পরগনা: অশোকনগর, আমডাঙা, মধ্যমগ্রাম, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, বসিরহাট উত্তর, বাদুড়িয়া। দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড় (নওশাদ সিদ্দিকী), বাসন্তী, কুলপি, মন্দিরবাজার, ক্যানিং পশ্চিম ও পূর্ব, মগরাহাট পশ্চিম। মালদহের মোথাবাড়ি ও সুজাপুর; মুর্শিদাবাদের সামসেরগঞ্জ, রঘুনাথগঞ্জ ও হরিহরপাড়া; হাওড়ার উলুবেড়িয়া পূর্ব ও জগৎবল্লভপুর; হুগলির হরিপাল ও খানাকুল। এছাড়াও মহিষাদল, শালবনি, বারাবনি এবং বোলপুরে প্রার্থী দিচ্ছে তারা।২৯টি আসনে সমঝোতা হলেও নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম, ভগবানগোলা এবং মুরারই—এই চারটি আসন নিয়ে বামেদের সঙ্গে অস্বস্তি রয়েই গেল। বামেরা ইতিপূর্বেই এই আসনগুলিতে প্রার্থী ঘোষণা করে দিলেও, আইএসএফ আজ সাফ জানিয়ে দিয়েছে যে তারাও এই চার কেন্দ্রে লড়বে। নওশাদ সিদ্দিকীর আবেদন, "আমরা বামেদের ইমেল করে জানিয়েছি, অনুরোধ করছি তারা যেন এই চার আসন থেকে প্রার্থী প্রত্যাহার করে নেয়।" বিশেষ করে নন্দীগ্রামে আইএসএফ-এর প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছে।এখন দেখার, নওশাদের এই আর্জিতে বামফ্রন্ট সাড়া দেয় কি না, নাকি এই চার কেন্দ্রে ‘বন্ধুত্বপূর্ণ’ লড়াইয়ের পথে হাঁটবে দুই পক্ষ।