যেতে হবে না আর ভিনরাজ্যে’, পরিযায়ীদের জন্য অভয়বাণী দিলীপ ঘোষের!
কলকাতা: পেটের টানে আর পরিযায়ী শ্রমিকদের ভিনরাজ্যে পাড়ি দিতে হবে না, নিজের জেলাতেই কাজের সুযোগ করে দেবে সরকার! সুন্দরবন থেকে শুরু করে গ্রামীণ বাংলার মানুষকে এই বড় আশ্বাস দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। সম্প্রতি সোনারপুরের জয়হিন্দ অডিটোরিয়াম এবং বারাসতের রবীন্দ্রভবনে পঞ্চায়েত আধিকারিকদের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন মন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন ও ঘূর্ণিঝড়ের কারণে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বহু মানুষ রুটিরুজি হারিয়ে বাধ্য হয়ে বাইরে কাজ খুঁজতে যান। তবে এবার থেকে এই প্রবণতা কমাতে বদলে ফেলা হচ্ছে গ্রামীণ কর্মসংস্থানের পুরো নকশা।মন্ত্রী জানান, পরিযায়ী শ্রমিকের সংখ্যা শূন্যে নামিয়ে আনতে ১২৫ দিনের কাজের প্রকল্পে স্থানীয় স্তরে বিপুল জোর দেওয়া হচ্ছে। কাজের সুযোগ শুধু বাড়ানোই হচ্ছে না, তার পাশাপাশি বাড়ানো হয়েছে শ্রমিকদের মজুরিও। নতুন গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড চালুর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, এমনকি ভিনরাজ্য থেকে কাজ হারিয়ে কোনো শ্রমিক ফেরৎ এলেও তাঁকে সরাসরি কাজের অন্তর্ভুক্ত করা হবে। সোনারপুর ও বারাসতের জোড়া পর্যালোচনা বৈঠকে আবাস যোজনা, জল জীবন মিশন, স্বচ্ছ ভারত মিশন এবং নানা উন্নয়নমূলক প্রকল্পের অগ্ৰগতি খতিয়ে দেখেন পঞ্চায়েতমন্ত্রী।অন্যদিকে, আবাস যোজনা নিয়েও আগের সরকারের দুর্নীতিকে কাঠগড়ায় তুলে চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আগামী ১৫ তারিখ পর্যন্ত চলবে আবাসের বিশেষ সমীক্ষা। দিলীপ ঘোষ স্পষ্ট বার্তা দিয়েছেন, অন্যায়ভাবে ও নিয়ম ভেঙে যাঁরা আগের সরকারের আমলে আবাসের টাকা হাতিয়ে নিয়েছেন, তাঁদের কাছ থেকে প্রতি পয়সা উসুল করা হবে। অর্থ ফেরত না দিলে কড়া আইনি পদক্ষেপের মুখে পড়তে হবে দুর্নীতিবাজদের। সব মিলিয়ে, একদিকে পরিযায়ী শ্রমিকদের জন্য স্বস্তির বার্তা আর অন্যদিকে দুর্নীতিগ্রস্তদের ঘুম ওড়ানোর কঠোর অবস্থান—দিলীপ ঘোষের এই পদক্ষেপে নতুন করে তোলপাড় রাজনীতি।হিডেন স্টোরিজ নিউজ