লক্ষ্য ২০২৬! ব্রিগেডে মোদীর মেগা শো দিয়ে শেষ হবে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’
কলকাতা: বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন যেন শুরু হয়ে গেল আজ থেকেই। রবিবার থেকে রাজ্যজুড়ে শুরু হওয়া বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র পরিসমাপ্তি ঘটবে আগামী ১৫ মার্চ ব্রিগেডের জনসভায়। আর সেই মঞ্চ থেকেই বঙ্গ জয়ের ডাক দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালেই পোস্টার রিলিজ করে এই বড় ঘোষণা করেছে গেরুয়া শিবির।বিজেপির সাংগঠনিক ১০টি বিভাগের মধ্যে ৯টিতেই চলবে এই ‘পরিবর্তন যাত্রা’। রবিবার থেকেই রাজ্যের চার প্রান্ত থেকে এই কর্মসূচির সূচনা হচ্ছে:গড়বেতা: কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও শুভেন্দু অধিকারীর হাত ধরে শুরু হচ্ছে যাত্রা।কুলটি: আসানসোলে থাকছেন অন্নপূর্ণা দেবী, স্মৃতি ইরানি ও দিলীপ ঘোষ।কৃষ্ণনগর: জেপি নড্ডা, সুকান্ত মজুমদার ও রাহুল সিংহের উপস্থিতিতে শুরু হবে কর্মসূচি।কোচবিহার: রাসমেলা মাঠে থাকছেন নিতিন নবীন।২ মার্চ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থেকে তিনি পরিবর্তন যাত্রার সূচনা করবেন। একই দিনে হাওড়ার আমতায় থাকবেন রাজনাথ সিংহ এবং বীরভূমের হাসনে থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। তবে সব নজর থাকবে সন্দেশখালির দিকে, যেখান থেকে যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান।২০২১-এর নির্বাচনের আগে ঘটা করে ‘যোগদান মেলা’ করলেও ভোটের ফলে তার প্রতিফলন দেখা যায়নি। তাই এবার আর সেই পথে হাঁটছে না বিজেপি। ২০২৬-এর বিধানসভা লড়াইয়ের আগে জনভিত্তি মজবুত করতেই এই ‘পরিবর্তন যাত্রা’কে হাতিয়ার করছে দিল্লি ও কলকাতার নেতৃত্ব। ১৫ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রীর এই সভা কার্যত আগামী নির্বাচনের সুর বেঁধে দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।