সংসদের বিশেষ অধিবেশনে উত্তাপ বাড়িয়ে লোকসভায় পেশ করা হলো তিনটি গুরুত্বপূর্ণ বিল। এই বিলগুলির মধ্যে রয়েছে মহিলা সংরক্ষণের জন্য ১৩১তম সংবিধান সংশোধনী বিল, লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার জন্য আসন পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। [TECHTARANGA-POST:8049]বৃহস্পতিবার বিলগুলি পেশের সময় ভোটাভুটিতে ২৫১-১৮৫ ব্যবধানে জয়ী হয় সরকার পক্ষ। ১২ ঘণ্টার ম্যারাথন আলোচনার শেষে শুক্রবার বিকেলেই এই বিলগুলির ওপর ভোটাভুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। নারী ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন। তাঁর মতে, মা ও বোনেদের যথাযোগ্য সম্মান প্রদানই দেশকে প্রকৃত সম্মান জানানোর পথ।[TECHTARANGA-POST:8050]তবে কেন্দ্রের এই পরিকল্পনা ঘিরে বিরোধীদের তীব্র বিরোধিতায় সরগরম দিল্লির অলিন্দ। কংগ্রেস, তৃণমূল এবং ডিএমকে-র মতো দলগুলি দাবি করছে, জনগণনা পর্যন্ত অপেক্ষা না করে আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণকে এক সুতোয় গেঁথে বিজেপি আসলে ২০২৯-এর নির্বাচনের জন্য ছক কষছে।[TECHTARANGA-POST:8044] রাহুল গান্ধী এই পরিকল্পনাকে ‘বিপজ্জনক জালিয়াতি’ বলে আক্রমণ করেছেন, অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন বিলের খসড়া পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন। বিরোধীদের এই ‘গুজব’ উড়িয়ে দিয়ে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, মহিলা সংরক্ষণের মতো মহৎ উদ্দেশ্যকে রাজনীতির জালে জড়ানো অনুচিত। সংসদের এই বিশেষ পর্ব শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার