১৫ বছর পর পুলিশ বাজেট নিয়ে সরগরম বিধানসভা, আলোচনায় থাকবেন শুভেন্দু
পশ্চিমবঙ্গ বিধানসভায় টানা ১৫ বছর পর ফের পুলিশ (স্বরাষ্ট্র) দপ্তরের বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা হতে চলেছে। আগামী ২২ জুলাই বিধানসভায় প্রায় তিন ঘণ্টা ধরে চলবে এই বিতর্ক। সেই আলোচনায় অংশ নিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাব দেবেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী।[TECHTARANGA-POST:11052]রাজনৈতিক মহলের মতে, গত দেড় দশকে এমন নজির প্রায় নেই। তৃণমূল সরকারের আমলে প্রতি বছরই স্বরাষ্ট্র দপ্তরের বাজেট কার্যত আলোচনা ছাড়াই ‘গিলোটিন’-এর মাধ্যমে পাস হয়ে যেত। খাগড়াগড় বিস্ফোরণ, বগটুই হত্যাকাণ্ড, আর জি কর-কাণ্ড কিংবা পঞ্চায়েত ভোটে হিংসার মতো একাধিক ইস্যু সামনে এলেও বিধানসভায় এই বাজেট নিয়ে দীর্ঘ আলোচনা হয়নি। শেষবার ২০১১ সালে সরকার পরিবর্তনের পর বাম আমলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছিল তৎকালীন নতুন সরকার। বিজেপি পরিষদীয় দলের মুখ্যসচেতক অম্লান ভাদুড়ীর দাবি, “আগের সরকার আইনশৃঙ্খলার ব্যর্থতা ও দুর্নীতি আড়াল করতেই স্বরাষ্ট্র (পুলিশ) বাজেটকে গিলোটিনে পাঠাত। এখন মানুষের সরকার এসেছে। তাই কিছু লুকানোর নেই। বিরোধীরাও আলোচনায় অংশ নেবে।”[TECHTARANGA-POST:11048]উল্লেখ্য, গত ২২ জুন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আট মাসের জন্য অন্তর্বর্তী বাজেট পেশ করেন। প্রথম দফার অধিবেশনে রাজ্যপালের ভাষণ এবং বাজেট পাস হয়েছে। এরপর দ্বিতীয় দফার অধিবেশনে ১৭ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত মোট ১৩টি দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হবে। সূচি অনুযায়ী, ২০ জুলাই স্বাস্থ্য, পঞ্চায়েত ও পরিবহণ দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হবে। ২১ জুলাই উচ্চশিক্ষা, স্কুল শিক্ষা এবং শিল্প-বাণিজ্য দপ্তরের বাজেট নিয়ে বিতর্ক হবে। ২২ জুলাই পুলিশ (স্বরাষ্ট্র), পার্বত্য এবং বিদ্যুৎ দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হবে, যেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও ২৩ জুলাই উত্তরবঙ্গ উন্নয়ন, পর্যটন, পুর ও নগরোন্নয়ন এবং ২৪ জুলাই ক্রীড়া ও যুবকল্যাণ এবং জনস্বাস্থ্য দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।সূত্রের খবর, এই অধিবেশনের শেষদিকে পঞ্চায়েত প্রধানদের আর্থিক ক্ষমতা প্রশাসনিক কর্তাদের হাতে তুলে দেওয়ার সংক্রান্ত একটি বিলও আনা হতে পারে। অন্যদিকে, ২১ জুলাই কালীঘাট তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচি থাকায় বিরোধী শিবিরের কয়েকজন বিধায়কের সেদিন অধিবেশনে অনুপস্থিত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।