কালীগঞ্জে ডিম, কাদা ও বেগুন ছোড়ার ঘটনার পর এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে রক্ষাকবচ চেয়ে মামলা দায়েরের অনুমতি চান তিনি। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে।[TECHTARANGA-POST:10549]মহুয়ার অভিযোগ, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করছে পুলিশ। অথচ তিনি যে অভিযোগ দায়ের করেছেন, তা নিয়ে কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এই কারণেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। গত ১ জুলাই নদিয়ার কালীগঞ্জে তৃণমূলের একটি কর্মিসভায় উপস্থিত ছিলেন মহুয়া মৈত্র। অভিযোগ, সভা চলাকালীন পার্টি অফিসের বাইরে কালো পতাকা হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল মানুষ। মহুয়ার দাবি, তাঁকে লক্ষ্য করে ডিম, কাদা ও বেগুন ছোড়া হয়। পাশাপাশি তাঁকে এবং দলীয় কর্মীদের ঘেরাও করে রাখা হয়েছিল বলেও অভিযোগ।[TECHTARANGA-POST:10548]ঘটনার ভিডিও নিজেই সমাজমাধ্যমে পোস্ট করেন মহুয়া। সেখানে তিনি বলেন, “এটাই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিজেপির লোকজন জমায়েত করে ঘেরাও করে রেখেছে। জানালা দিয়ে আমার উপর হামলা চালানো হয়েছে। কিন্তু এসব দেখেও পুলিশ দাঁড়িয়ে রয়েছে। কোনও ব্যবস্থা নিচ্ছে না। জমায়েতকে সরাতেও কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না।” এরপর বেরিয়ে গাড়িতে ওঠার সময় বিক্ষোভকারীদের একহাত নেন মহুয়া। সকলেই বিজেপির লোক বলে দাবি করেন। এই ঘটনার জেরেই এবার আইনি সুরক্ষা চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ।