ভোটযুদ্ধের মাঝে এবার আয়কর হানা, সাতসকালে দেবাশিস কুমারের বাড়িতে কেন্দ্রীয় তৎপরতা
২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার মাঝেই ফের একবার শিরোনামে দক্ষিণ কলকাতা। এবার সরাসরি আয়কর দফতরের স্ক্যানারে রাসবিহারীর বিদায়ী বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস কুমার। শুক্রবার ভোরের আলো ফোটার আগেই কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা পৌঁছে যান মনোহরপুকুর রোডে তাঁর বাসভবনে। তবে কেবল বাসভবনই নয়, একইসঙ্গে তাঁর নির্বাচনী কার্যালয়েও শুরু হয়েছে ম্যারাথন তল্লাশি অভিযান।ভোটের উত্তপ্ত আবহে এই আকস্মিক হানা ঘিরে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তল্লাশি চলাকালীন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাসভবন ও কার্যালয় ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর বিশাল ফৌজ। বর্তমানে প্রার্থী দেবাশিস কুমার বাড়ির ভেতরেই রয়েছেন এবং বাইরে মোতায়েন করা হয়েছে কড়া নিরাপত্তা। যদিও কী কারণে এই আয়কর হানা, তা নিয়ে সরকারিভাবে এখনও কোনও স্পষ্ট বয়ান আসেনি। তবে সূত্রের খবর, বিগত কয়েক সপ্তাহ ধরেই ইডি-র আতসকাচের তলায় ছিলেন এই তৃণমূল নেতা। জমি দখল সংক্রান্ত একটি মামলায় এপ্রিল মাসের ১, ৩ এবং ৯ তারিখে তাঁকে পর্যায়ক্রমে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল, যেখানে তিনি হাজিরাও দিয়েছিলেন।এদিকে সাতসকালে এই কেন্দ্রীয় তৎপরতা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। ঘটনার খবর পেয়েই নেতার বাড়ির সামনে ভিড় জমিয়েছেন তৃণমূল কর্মীরা। তাঁদের অভিযোগ, নির্বাচনের মুখে প্রার্থীকে হেনস্থা করতে এবং জরুরি নথিপত্র হাতাতেই বিজেপির অঙ্গুলিহেলনে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগানো হচ্ছে। যদিও প্রার্থী নিজে এর আগে স্পষ্ট করেছিলেন যে, তদন্তের কারণে তাঁর প্রচারের ময়দানে কোনও প্রভাব পড়বে না। তবুও ভোটের ঠিক আগমুহূর্তে আয়কর দফতরের এই দীর্ঘ তল্লাশি শেষে ঠিক কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।হিডেন স্টোরিজ নিউজ