চিনির পর এবার পিঁয়াজেও আগুন! দামের ছ্যাঁকা থেকে বাঁচাতে মোদী সরকারের ‘কান্দা এক্সপ্রেস’
নয়াদিল্লি: চিনির লাগামছাড়া মূল্যবৃদ্ধির পর এবার পিঁয়াজের দামে চোখে জল মধ্যবিত্তের। দেশজুড়ে লাফিয়ে বাড়তে থাকা দাম নিয়ন্ত্রণে আনতে এবং গৃহস্থের ভাঁড়ারে স্বস্তি ফেরাতে এবার বিশেষ ‘কান্দা এক্সপ্রেস’ ট্রেন চালানোর মেগা পরিকল্পনা নিল কেন্দ্র সরকার। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত এক বছরে দেশে পিঁয়াজের দাম বেড়েছে প্রায় ৬০ শতাংশ। শহরাঞ্চলে প্রতি কেজি পিঁয়াজের দাম ৬০ থেকে ৭০ টাকা ছাড়িয়ে গিয়েছে। দিল্লিতে কেজিপ্রতি দর প্রায় ৬৫ টাকা, চেন্নাইতে ৫৮ টাকা এবং কলকাতা-সহ দেশের অন্যান্য বড় শহরগুলিতেও ৬০ টাকার ওপরে বিকোচ্ছে এই নিত্যপ্রয়োজনীয় আনাজ।দেশে বছরে গড়ে ৩ কোটি ২০ লক্ষ মেট্রিক টন পিঁয়াজ উৎপাদিত হলেও মহারাষ্ট্রের নাসিক থেকে সরবরাহ শৃঙ্খলে বাধা ও অসাধু ব্যবসায়ীদের মজুতদারির জেরেই এই কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘাটতি মেটাতে সরাসরি নাসিক থেকে বিশেষ মালগাড়িতে করে দ্রুত দেশের বিভিন্ন প্রান্তে পিঁয়াজ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক সচিব নিধি খারে জানিয়েছেন, আগামী বুধবারের মধ্যেই ‘কান্দা এক্সপ্রেস’-এর মাধ্যমে দিল্লি, চেন্নাই, মাদুরাই, এর্নাকুলাম ও গুয়াহাটির মতো প্রধান শহরগুলোতে প্রচুর পরিমাণ পিঁয়াজ পৌঁছে যাবে এবং পরবর্তীতে অন্যান্য শহরকেও এই পরিষেবার আওতায় আনা হবে।[TECHTARANGA-POST:11973]হিডেন স্টোরিজ নিউজ