Hidden Stories (বাংলা)

রাত নামলেই বাজছে সাইরেন! ঝাড়গ্রামে পুলিশের ‘সাইরেন মোবাইল’, কাঁপছে সমাজবিরোধীরা

রাত নামলেই দূর থেকে ভেসে আসছে তীব্র সাইরেনের শব্দ। মুহূর্তেই চমকে উঠছেন ঝাড়গ্রামের বাসিন্দারা। কোথাও কি আবার কোনও অঘটন? না, আতঙ্ক নয়! নিরাপত্তার বার্তা দিতেই এবার রাস্তায় নেমেছে পুলিশের 'সাইরেন মোবাইল'। রাতের শহরকে আরও নিরাপদ করতে এই বিশেষ টহলদারি শুরু করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ।গত রবিবার থেকে চালু হয়েছে এই বিশেষ পরিষেবা। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। জেলা পুলিশ সূত্রে খবর, আপাতত এই উদ্যোগ শুধুমাত্র ঝাড়গ্রাম শহরে চালু হয়েছে। তবে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী জেলার অন্যান্য এলাকাতেও তা সম্প্রসারণ করা হবে। জেলা পুলিশ সুপার মানব সিংলা জানান, সাম্প্রতিক সময়ে শহরের একাধিক এলাকায় রাতের বেলা অকারণ জমায়েত এবং সমাজবিরোধীদের আনাগোনার অভিযোগ পাওয়া যাচ্ছিল। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সাইরেন-যুক্ত দুটি মোটরবাইক এবং দুটি চারচাকা পুলিশের গাড়ি এই বিশেষ টহলদারিতে রয়েছে। প্রয়োজন অনুযায়ী বাইক ও চারচাকা টহল বাহিনী সমন্বয় রেখে শহরের বিভিন্ন এলাকায় নজরদারি চালাবে। শহরের ব্যস্ত মোড়, বাজার, বাসস্ট্যান্ড, রেলস্টেশন চত্বর, পার্ক সংলগ্ন এলাকা, নির্জন রাস্তা এবং যেসব জায়গায় রাতের বেলা অকারণ জমায়েত বেশি, সেখানেই বেশি নজরদারি চালানো হচ্ছে। পুলিশের মতে, দূর থেকেই সাইরেনের শব্দ শুনে পুলিশের উপস্থিতি টের পাওয়া যাবে, যা অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে কার্যকর ভূমিকা নেবে। এছাড়াও কোনও প্রয়োজন হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর কাজেও এই বিশেষ বাহিনীকে ব্যবহার করা হবে। 

রাত নামলেই বাজছে সাইরেন! ঝাড়গ্রামে পুলিশের ‘সাইরেন মোবাইল’, কাঁপছে সমাজবিরোধীরা