Hidden Stories (বাংলা)

রাহুলের মৃত্যুতে গর্জে উঠল টলিপাড়া: নিরাপত্তাহীনতার প্রতিবাদে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালীন ধর্মঘট

কলকাতা: টলিপাড়ায় শোকের ছায়া পেরিয়ে এবার প্রতিবাদের আগুন। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু কেবল একটি জীবন কেড়ে নেয়নি, বরং আঙুল তুলে দেখিয়ে দিয়েছে স্টুডিও পাড়ার কঙ্কালসার নিরাপত্তা ব্যবস্থাকে। রাহুলের এই মর্মান্তিক পরিণতির বিচার এবং কর্মক্ষেত্রে শিল্পীদের জীবনের নিরাপত্তার দাবিতে এবার এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল টলিপাড়া। মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে সমস্ত সিনেমা এবং ধারাবাহিকের শুটিং। রবিবার টেকনিশিয়ানস স্টুডিয়োয় আর্টিস্ট ফোরাম ও ফেডারেশনের যৌথ বৈঠকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে শান্তিলাল মুখোপাধ্যায়— সকলেই একসুরে জানিয়েছেন, জীবনের ঝুঁকি নিয়ে আর কাজ নয়, আগে চাই সুরক্ষা।শনিবার রাহুলের মৃত্যুর পর থেকেই ক্ষোভে ফুঁসছিল টলিউড। ইতিমধ্যেই রিজেন্ট পার্ক ও তালসারি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তবে কেবল আইনি লড়াই নয়, ইন্ডাস্ট্রির চার হাজার শিল্পী ও সাত হাজার টেকনিশিয়ান এবার নিজেদের অধিকার বুঝে নিতে রাজপথে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, শুটিংয়ের সেটে প্রত্যেকের নিরাপত্তা বাধ্যতামূলক করতে হবে, কারণ বর্তমানে প্রতিটি কলাকুশলী এক গভীর নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিনেতা সংগঠনের দাবি, আউটডোর হোক বা ইনডোর— প্রতি সেটে অ্যাম্বুল্যান্স রাখা এবং উপযুক্ত আপদকালীন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মঙ্গলবার সকাল ১০টায় টেকনিশিয়ানস স্টুডিয়োয় সমবেত হয়ে এই কর্মবিরতির ডাক সফল করার আহ্বান জানিয়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও। এর ফলে মেগা ধারাবাহিকের সম্প্রচারে অনিশ্চয়তা তৈরি হলেও, সহকর্মীর মৃত্যুর বিচার এবং নিজেদের জীবনের সুরক্ষাকেই এখন অগ্রাধিকার দিচ্ছে গোটা টলিপাড়া।হিডেন স্টোরিজ নিউজ

রাহুলের মৃত্যুতে গর্জে উঠল টলিপাড়া: নিরাপত্তাহীনতার প্রতিবাদে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালীন ধর্মঘট

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার