Big Boss Bangla: পুকুরের মাছ’ বনাম ‘সমুদ্রের তিমি’! রাজবীরের মন্তব্যে বিগ বসের ঘরে মুহূর্তেই চড়ল উত্তেজনার পারদ
‘বিগ বস বাংলা’-র ঘরে ওয়াইল্ড কার্ড হিসেবে রাজবীর দের প্রবেশের পর থেকেই যেন একের পর এক কাণ্ড। কখনও সৃজলার জামাকাপড় ছুড়ে ফেলা, কখনও টাস্কের মাঝেই প্রতিযোগীদের ‘ভেড়ার দল’ বলে কটাক্ষ করছেন। আর এভাবেই প্রতিদিন আলোচনার কেন্দ্রে উঠে আসছেন তিনি। সৃজলার সঙ্গে ফ্লার্ট হোক কিংবা নন্দিনীর সঙ্গে কম্বলের নীচে ঘনিষ্ঠ মুহূর্ত, রাজবীরকে ঘিরে ইতিমধ্যেই নানা চর্চা চলছে। এবার অবশ্য তাঁর মন্তব্যের নিশানায় সরাসরি টলিউড।[TECHTARANGA-POST:12733]ঘটনার সূত্রপাত ঘর পরিষ্কার করার সময়। ঝিলম জীতুর সঙ্গে কথা বলছিলেন, সেই সময় কথার মাঝে বারবার ঢুকে পড়ছিলেন রাজবীর। সমস্যা তৈরি হয় তাঁর বাংলা বলা নিয়েই। রাজবীরকে ভাষাটা একটু ঠিক করে বলার পরামর্শ দেন ঝিলম। সেখান থেকেই দু’জনের মধ্যে শুরু হয় তর্ক বিতর্ক। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে রাজবীর জানান, দীর্ঘ পাঁচ বছর মুম্বইয়ে থাকার কারণে এখন আর আগের মতো শুদ্ধ বাংলায় কথা বলা তাঁর পক্ষে সম্ভব নয়। তবে সেই যুক্তিতে খুব একটা সন্তুষ্ট হননি ঝিলম। এর পরেই রাজবীর এমন একটি মন্তব্য করেন, যা মুহূর্তে ঘরের পরিবেশ বদলে দেয়। তাঁর বক্তব্য ছিল, নিজের কাজের পরিসরকে শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাননি বলেই তিনি বাইরে গিয়ে কাজ করেছেন। আর যাঁরা তা পারেননি, তাঁদের সঙ্গে তুলনা টানতে গিয়ে ‘পুকুরের মাছ’-এর উদাহরণ দেন তিনি। একই সঙ্গে নিজেকে ‘সমুদ্রের তিমি’ বলেও উল্লেখ করেন।[TECHTARANGA-POST:12731]রাজবীরের এই মন্তব্য একেবারেই ভালোভাবে নেননি ঝিলম। তাঁর প্রতিবাদে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তনুশ্রী, সৃজলা এবং সোনামণিও রাজবীরের কথার বিরোধিতা করেন। রাজবীরকে ছেড়ে কথা বলেননি অভিনেতা জীতু কমলও। এবার টলিউডের তারকাদের নিয়ে তাঁর ‘পুকুরের মাছ’ মন্তব্যের ক্লিপ ছড়িয়ে পড়তেই নেটপাড়াতেও উত্তেজনা ছড়িয়েছে।