ব্রিগেডে এবার রামকথার আসর! ৩ লক্ষাধিক ভক্তের সমাগম, গীতাপাঠের পর তিলোত্তমায় বড় কর্মসূচি
কলকাতাঃ ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের পর এবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বসতে চলেছে রামকথার আসর। ২০২৭ সালের জানুয়ারি মাসে এই কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করেছে কলকাতার অগ্রসেন সমাজ। কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করবেন আয়োজক সংস্থার প্রতিনিধিরা। ইতিমধ্যেই আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের অনুমতি মিললেই চূড়ান্ত হবে অনুষ্ঠান আয়োজনের দিনক্ষণ ও অন্যান্য প্রস্তুতি। ব্রিগেডে রামকথা পাঠের দায়িত্ব দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের চিত্রকূট তুলসী পীঠের প্রধানকে। অনুষ্ঠানে তিন লক্ষাধিক ভক্তের সমাগমের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের। এই কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে কলকাতায় এসেছেন মধ্যপ্রদেশের তুলসী পীঠের প্রতিনিধি রামচন্দ্র দাস।[TECHTARANGA-POST:11664]উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর মাসে ব্রিগেড ময়দানে ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠানের আয়োজন করেছিল আরএসএস-ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সংসদ। সেই অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম দেখা গিয়েছিল। এর আগে ২০২৩ সালেও ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচির আয়োজন করা হয়। এবার রাজ্যে পালাবদলের পর ব্রিগেডে রামকথার আসর বসানোর পরিকল্পনা সামনে এসেছে। প্রশাসনের অনুমতি মিললে আগামী বছরের শুরুতেই ফের বড় ধর্মীয় সমাবেশের সাক্ষী হতে পারে ব্রিগেড।