শ্রীরামপুরের জনসভায় আগুনের ফুলকি! মেজাজ হারিয়ে কাকে দুষলেন মুখ্যমন্ত্রী?
শ্রীরামপুর: বুধবার মনোনয়নপত্র জমা দিয়েই প্রচারের ঝোড়ো ইনিংসে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, এদিন তাঁর শেষ জনসভা ঘিরে তৈরি হল এক অন্যরকমের বিতর্ক। শ্রীরামপুরের জনসভায় মমতার বক্তৃতা চলাকালীন আচমকাই আগুনের ফুলকি দেখা দেওয়ায় চাঞ্চল্য ছড়ায় দর্শকাসনে। ঘটনার আকস্মিকতায় মেজাজ হারান তৃণমূলনেত্রী। মঞ্চ থেকেই নিরাপত্তা ও বিদ্যুৎ বিভ্রাট নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি।[TECHTARANGA-POST:7898]এদিন আরামবাগ ও বলাগড়ের সভা শেষ করে শ্রীরামপুরে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চে যখন তিনি বক্তব্য রাখছিলেন, ঠিক সেই সময় দর্শক আসনের একটি জায়গায় বৈদ্যুতিক পোল থেকে হঠাৎ আগুনের ফুলকি ছিটকে বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় কর্মী-সমর্থকদের মধ্যে। পরিস্থিতি বেগতিক দেখে নিজের বক্তৃতা মাঝপথেই থামিয়ে দেন মুখ্যমন্ত্রী।[TECHTARANGA-POST:7894]প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মূল মঞ্চের সামনের একটি ইলেকট্রিক পোস্টের দুটি তারের মধ্যে ঘর্ষণ লেগে এই বিপত্তি ঘটেছে। একটি খোলা বক্স থেকে শর্ট সার্কিট হয়েছে বলেই মনে করা হচ্ছে। ঘটনার পর পুলিশকর্মী ও নিরাপত্তারক্ষীরা দ্রুত ওই এলাকাটি ঘিরে ফেলেন।[TECHTARANGA-POST:7879]ঘটনাটি দেখে মঞ্চ থেকেই বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মাইক্রোফোন হাতে তিনি বলেন, "কারও একজনের পায়ে লেগেছে মনে হচ্ছে। এসব মিটিংয়ে কেয়ার নেওয়া হয় না কেন? সিকিউরিটি দেখার লোক নেই। ইলেকট্রিসিটি ভালো নয়। যে করেছে তার উদ্দেশ্য ভালো নয়।" মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে ষড়যন্ত্রের ইঙ্গিত রয়েছে কিনা, তা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় নিজের বক্তব্য শুরু করেন মুখ্যমন্ত্রী।