“আইসিসি চালায় ভারতই!” বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হয়েও কেন বিসিসিআই-এর সামনে অসহায় প্রোটিয়ারা? বিস্ফোরক হারমার!
জোহানেসবার্গ: ক্রিকেটের বিশ্বমঞ্চে দক্ষিণ আফ্রিকার জয়জয়কার। ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এখন প্রোটিয়াদের দখলে। কিন্তু, মাঠের লড়াইয়ে বিশ্বসেরা হলেও ক্রিকেটের অন্দরমহলের রাজনীতিতে কি এখনও ব্রাত্য দক্ষিণ আফ্রিকা? আইসিসি-তে ভারতের একাধিপত্য নিয়ে এবার বোমা ফাটালেন দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার সাইমন হারমার। সাফ জানালেন, বিশ্ব ক্রিকেটের যাবতীয় নিয়ন্ত্রণ আসলে বিসিসিআই-এর পকেটে![TECHTARANGA-POST:8823]ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে হারমার অত্যন্ত চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন। তাঁর দাবি, ভারতের বিপুল বাণিজ্যিক শক্তির কাছে আইসিসি কার্যত মাথা নত করে থাকে। হারমারের কথায়, “ওদের বাণিজ্যিক ক্ষমতার কারণেই যাবতীয় ক্ষমতাও ওদেরই হাতে। বিসিসিআই-ই আইসিসি-কে নিয়ন্ত্রণ করে! ক্রিকেটার হিসাবে আমাদের করার কিছু নেই। কারণ, ক্ষমতার ভারসাম্য বদলানো কঠিন।” যদিও হারমার মনে করেন, বারবার ট্রফি জিতলে হয়তো পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে।[TECHTARANGA-POST:8814]বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় এবং ভারতের মাটিতে এসে ভারতকে ২-০ ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ জয়— দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে এখন সোনালী সময়। এই সাফল্যের নেপথ্যে দলের সংহতিকেই কৃতিত্ব দিচ্ছেন হারমার। তাঁর মতে, দলে গুটিকয়েক তারকা থাকলেও কোচ শুকরি কনরাডের অধীনে দলগত পারফরম্যান্সই আসল শক্তি। ক্রিকেটারদের ভুল হলে কোচ সরাসরি তা মুখের উপর বলে দিতে পারেন। যা দলের উন্নতির জন্য অত্যন্ত জরুরি।[TECHTARANGA-POST:8810]সাক্ষাৎকারে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট নিয়েও মুখ খুলেছেন এই প্রোটিয়া স্পিনার। তাঁর আক্ষেপ, ইংল্যান্ডে স্পিনারদের যোগ্য মর্যাদা দেওয়া হয় না। হারমার প্রশ্ন তুলেছেন, “১৮টি কাউন্টি দলের মধ্যে বড়জোর ২-৩টি দলে স্পিন বোলিং কোচ রয়েছে। স্পিনারদের উন্নতি করতে হলে এই পরিকাঠামোর বদল ঘটাতেই হবে।” ক্রিকেটের মাঠে লড়াই চললেও মাঠের বাইরের এই ‘পাওয়ার গেম’ নিয়ে হারমারের মন্তব্য এখন ক্রীড়াবিশ্বে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।