মাঝপথেই বন্ধ ‘চিরসখা’, এবার কি কোপ ‘কনে দেখা আলো’তেও?
[Tকলকাতা: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ টলিউড। আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশনের নজিরবিহীন সিদ্ধান্তে কার্যত স্তব্ধ হতে চলেছে স্টুডিয়ো পাড়ার একাধিক ধারাবাহিকের কাজ। সাময়িক কর্মবিরতি প্রত্যাহারের পর টলিউড যে কড়া পথে হাঁটছে, তার প্রথম শিকার হতে হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’-কে। একইসঙ্গে প্রশ্ন উঠছে, লীনা গঙ্গোপাধ্য়ায়ের ছেলে অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার উপস্থাপনা - ‘কনে দেখা আলো’র ভবিষ্যৎ নিয়ে।[TECHTARANGA-POST:7899]মঙ্গলবার আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশনের যৌথ বৈঠকের পর বড় ঘোষণা করা হয়েছে। সাফ জানানো হয়েছে, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট না হওয়া পর্যন্ত লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স প্রাইভেট লিমিটেড’-এর সঙ্গে কোনও শিল্পী বা টেকনিশিয়ান কাজ করবেন না। এর সরাসরি প্রভাব পড়েছে ‘চিরসখা’ ধারাবাহিকের উপর। আগামী ১২ এপ্রিল এই মেগার শেষ সম্প্রচার। ১৩ এপ্রিল থেকে এই স্লটে আসছে নতুন সিরিয়াল ‘সংসার সংকীর্তন’।[TECHTARANGA-POST:7886]ধারাবাহিকের অন্যতম প্রধান অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় জানান, সোমবারই শেষ শুটিং হয়ে গিয়েছে। যদিও চ্যানেল থেকে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি, তবে তিনি সংগঠনের এই কঠিন সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। সুদীপের কথায়, "রাহুলের মৃত্যুর কারণ না জানা পর্যন্ত ম্যাজিক মোমেন্টসের সঙ্গে কাজ না করার সিদ্ধান্তে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। তবে, চিরসখা টিমের টেকনিশিয়ানদের কথা ভেবে আমরাও চিন্তিত। তাঁদের জন্য আলোচনার মাধ্যমে কিছু করার চেষ্টা করব।"সবচেয়ে বড় জল্পনা এখন অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘অর্গানিক স্টুডিয়ো’-র ধারাবাহিক ‘কনে দেখা আলো’কে নিয়ে। যদিও এই সংস্থা ম্যাজিক মোমেন্টসের সঙ্গে সরাসরি যুক্ত নয়, কিন্তু এর গল্প ও চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন স্বয়ং লীনা গঙ্গোপাধ্যায়।[TECHTARANGA-POST:7888]সূত্রের খবর, বুধবার সকালে এই ধারাবাহিকের শিল্পীরা ফ্লোরে এলেও দীর্ঘক্ষণ অপেক্ষার পর শুটিং না করেই ফিরে যান। প্রযোজক অর্ক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফলে এই ধারাবাহিকও বন্ধের মুখে কিনা, তা নিয়ে টলিউডে চরম উত্তেজনা রয়েছে।[TECHTARANGA-POST:7880]টলিউডের ইতিহাসে কোনও প্রযোজনা সংস্থাকে এভাবে বয়কট করার ঘটনা বিরল। লীনা-শৈবালের নাম যে যে প্রজেক্টে থাকবে, সেখানেই কাজ বন্ধের ডাক দেওয়ায় কার্যত অস্তিত্ব সঙ্কটে ‘ম্যাজিক মোমেন্টস’! এখন দেখার, এই আইনি ও পেশাদার লড়াই টলিউডের পর্দায় আর কতগুলি বদল নিয়ে আসে।