Hidden Stories (বাংলা)

ডেঙ্গু রুখতে সরকারি স্কুলে ইউনিফর্মে বড় বদল! ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

বর্ষা ও বর্ষা পরবর্তীতে প্রতিবছরই ডেঙ্গুর প্রকোপ বাড়ে। সচেতনতা প্রচার, মশা দমন অভিযান এবং স্বাস্থ্য সতর্কতার পরও বহু মানুষ আক্রান্ত হন। তাই এবার ডেঙ্গুর বাড়বাড়ন্ত রুখতে স্কুলের ইউনিফর্মেই বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার স্বাস্থ্যভবনে বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ঘোষণা করেন, প্রতি বছর জুলাই থেকে ডিসেম্বর অর্থাৎ ছয় মাস সরকারি স্কুলের পড়ুয়াদের এমন পোশাক পরতে হবে, যাতে শরীরের বেশিরভাগ অংশ ঢাকা থাকে। মশার কামড় থেকে পড়ুয়াদের সুরক্ষিত রাখাই প্রধান উদ্দেশ্য। এই সময়ে ছেলেদের ফুল শার্ট ও ফুল প্যান্ট পরা বাধ্যতামূলক করা হবে। অন্যদিকে, মেয়েদের স্কার্ট থাকলেও পা সম্পূর্ণ ঢাকা রাখতে হবে। খুব শীঘ্রই এই বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানান তিনি। ডেঙ্গুর ক্ষেত্রে অনেক সময়ই দেরিতে রোগ ধরা পড়ায় মৃত্যুর ঘটনাও ঘটে। সেই কারণেই এবার ডেঙ্গু প্রতিরোধে স্কুলের পোশাকবিধিতে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে প্রশ্ন উঠছে, এই নির্দেশ কি বেসরকারি স্কুলের ক্ষেত্রেও প্রযোজ্য? স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বেসরকারি স্কুলগুলিকেও একই ধরনের পোশাকবিধি চালুর জন্য রাজ্যের তরফে আবেদন জানানো হবে। তবে সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নির্ভর করবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের উপর। অর্থাৎ, বেসরকারি স্কুল চাইলে এই নিয়ম কার্যকর করতে পারে, আবার না-ও করতে পারে। স্বাস্থ্যমন্ত্রীর এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন অনেক অভিভাবক। 

ডেঙ্গু রুখতে সরকারি স্কুলে ইউনিফর্মে বড় বদল! ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর