অরিজিতের পথে শ্রেয়া! আর ‘চিকনি চামেলি’র মতো গান নয়, বড় ঘোষণা গায়িকার
বছরের শুরুতেই অরিজিৎ সিং ঘোষণা করেছিলেন তিনি আর ছবিতে গান গাইবেন না। সেই রেশ কাটতে না কাটতেই এবার বড় সিদ্ধান্ত নিলেন শ্রেয়া ঘোষাল। কোনো লুকোছাপা না করেই গায়িকা স্পষ্ট জানিয়ে দিলেন, বিশেষ এক ধরনের গান থেকে এবার নিজেকে পুরোপুরি সরিয়ে নিচ্ছেন তিনি।‘মেরে ঢোলনা’ থেকে ‘চিকনি চামেলি’— শ্রেয়ার কণ্ঠের জাদুতে মুগ্ধ আপামর শ্রোতা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়া জানিয়েছেন, ভবিষ্যতে তিনি আর ‘চিকনি চামেলি’র মতো গানে কণ্ঠ দেবেন না। ক্যাটরিনা কাইফের লিপে সেই গান গাইতে গিয়ে তখন কোনো অস্বস্তি না হলেও, এখন গানের শব্দ ও গভীরতা নিয়ে অনেক বেশি সচেতন তিনি।শ্রেয়া জানান, ‘চিকনি চামেলি’ জনপ্রিয় হওয়ার পর তাঁর কাছে এমন অনেক গানের প্রস্তাব আসে যেখানে নারীদের ‘অবজেক্টিফাই’ করা হয়েছে। অর্থাৎ গানের কথায় মহিলাদের অসম্মান করা হয়েছে। শ্রেয়া বলেন, “আমার এক গীতিকার বন্ধু একবার প্রস্তাব দিয়েছিলেন এমন এক গানের যার কথা ছিল— ‘আমাকে চিকেন বানিয়ে খেয়ে নাও’। এমন আপত্তিকর কথা শোনার পর আমি সরাসরি সেই গান ফিরিয়ে দিই।”গায়িকার স্বীকারোক্তি, “সেই সময়ে অনেক কথার সঠিক অর্থ বা পরিণতিবোধ আমার ছিল না। কিন্তু এখন আমি বুঝি। যদি কোনো গানের কথা আপত্তিকর হয়, তবে মঞ্চে ছোট ছোট শিশুদের সামনে সেই গান গাইতে আমার ভীষণ অস্বস্তি হয়।” যদিও ‘চিকনি চামেলি’ গানটির মধ্যে শিল্পের ছোঁয়া ছিল বলে তিনি মনে করেন এবং স্টেজ শো-তে এটি গাইলেও, রেকর্ডিং স্টুডিওতে এমন ঘরানার গানকে আর ‘হ্যাঁ’ বলবেন না তিনি।অরিজিতের পর শ্রেয়ার এই সাহসী ও নৈতিক সিদ্ধান্ত সংগীত মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনুরাগীরাও শ্রেয়ার এই স্বচ্ছ চিন্তাভাবনাকে সাধুবাদ জানাচ্ছেন।