বাঁকুড়ায় শিল্পের নতুন ঠিকানা! শ্যাম স্টিলের ১০০০ কোটির প্রকল্পে শিলান্যাস মুখ্যমন্ত্রীর
সরকার গঠনের দু'মাসের মধ্যেই নতুন শিল্প বিনিয়োগের বার্তা দিল রাজ্য সরকার। ডানকুনিতে লাক্স কোজির প্রকল্পের পর এবার বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন উৎপাদন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি।[TECHTARANGA-POST:11036]শ্যাম স্টিল কর্তৃপক্ষের দাবি, নতুন এই প্রকল্পে প্রায় ১০০০ কোটি টাকার বিনিয়োগ হবে। কারখানা চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি, এই শিল্পকে কেন্দ্র করে এলাকায় একাধিক অনুসারী শিল্পও গড়ে উঠতে পারে বলে আশা করা হচ্ছে। ফলে বাঁকুড়া-সহ সংলগ্ন জেলার অর্থনীতি ও শিল্প পরিকাঠামোয় ইতিবাচক প্রভাব পড়বে বলেই দাবি সংস্থার। অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “এই রাজ্যে তিনটি বড় সমস্যার সমাধান করতে হবে - আইনশৃঙ্খলার অবনতি, সিন্ডিকেট রাজ এবং কাটমানির সংস্কৃতি। গত দু'মাসে আমরা অনেকটাই সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি। এখন বাংলাকে শিল্পের পথে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।”[TECHTARANGA-POST:11033]তাঁর আরও দাবি, “শ্যাম স্টিলের হাত ধরে বাংলায় ১০০০ কোটির বিনিয়োগ আসছে। বহু কর্মসংস্থান তৈরি হবে। কাজের খোঁজে বাইরে চলে যাওয়া গ্রামের হাজার হাজার যুবক এবার নিজের রাজ্যেই কাজের সুযোগ পাবে।” শিল্পমন্ত্রী তাপস রায়ও শিল্প-সমৃদ্ধ বাংলা গড়ার ডাক দেন। তাঁর কথায়, “কাজের জন্য বাংলার মানুষকে অন্য রাজ্যে যেতে হবে কেন? পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে আমরা কাজ করব। আগামী পাঁচ বছরে বাংলার শিল্পচিত্র বদলে যাবে। মোট ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ এবং প্রায় ৭৫ হাজার মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার।”