রাখির উৎসবের দিনেই দাদাকে হারালেন বোন! ময়নাতদন্তের আগে নিথর হাতে পরালেন শেষ রাখি
সোনারপুর: রাখিবন্ধনের উৎসব আনন্দের, কিন্তু সেইদিনই এক পরিবারে নেমে এল শোকের ছায়া। পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দাদা। আর তাঁকে কোনওদিনও ছুঁয়ে দেখতে পারবে না বোন। ময়নাতদন্তে নিয়ে যাওয়ার আগে দাদার নিথর হাতেই শেষবারের মতো রাখি পরিয়ে দিল বোন। সোনারপুরে এই দৃশ্য দেখে চোখে জল ধরে রাখতে পারেনি অনেকেই। [TECHTARANGA-POST:12070]পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বারুইপুর থেকে গাড়িতে ফিরছিলেন পাঁচ যুবক। তাঁদের মধ্যে ছিলেন যাদবপুরের বাসিন্দা সাগ্নিক সেন ও শৌনক ভট্টাচার্য। চৌহাটি সংলগ্ন এলাকায় একটি স্কুলের সামনে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানোর আগে আরও এক হৃদয়বিদারক মুহূর্তের সাক্ষী থাকল উপস্থিত সকলেই। দাদার নিথর হাত নিজের হাতে নিয়ে শেষবারের মতো রাখি পরিয়ে দেন সাগ্নিকের বোন। কাঁদতে কাঁদতে বলেন, “শেষ রাখি পরিয়ে দিলাম। আর কোনওদিন রাখি পরাতে পারব না তোকে!”[TECHTARANGA-POST:12069]বোনের এই আর্তনাদে ভারাক্রান্ত হয়ে পড়ে গোটা পরিবেশ। রাখিবন্ধনের দিনে যেখানে ভাই-বোনের সম্পর্ক উদযাপনের কথা, সেখানেই শেষবারের মতো দাদার হাতে রাখি পরিয়ে বিদায় জানাতে হল বোনকে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দুর্ঘটনার সময় গাড়িটির গতি ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বা তার বেশি ছিল। অতিরিক্ত গতির কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।