চালচলনে চটলেন বিধায়করা, সাসপেন্ড বিধানসভার মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়
কলকাতা: বিধানসভার দীর্ঘ ইতিহাসে যা আগে কখনো ঘটেনি, ঠিক সেটাই ঘটে গেল এবার! কর্তব্যকাজে চরম অবহেলা এবং বিধায়কদের সঙ্গে অসংবেদনশীল ও অভদ্র আচরণের গুরুতর অভিযোগে চাকরি থেকে বরখাস্ত বা সাসপেন্ড করা হলো রাজ্য বিধানসভার মার্শাল-কম-সিকিউরিটি অফিসার দেবব্রত মুখোপাধ্যায়কে। বিধানসভা সচিবালয়ের পক্ষ থেকে এই নজিরবিহীন কড়া প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রাজ্য বিধানসভার নিরাপত্তা ব্যবস্থার সর্বোচ্চ পদের অধিকারী কোনো আধিকারিকের বিরুদ্ধে এমন শাস্তিমূলক পদক্ষেপের ঘটনা বাংলায় এই প্রথম, যা ঘিরে বিধানসভার অন্দরে তোলপাড় শুরু হয়েছে।ঘটনার সূত্রপাত সম্প্রতি ১৮তম বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের নিয়ে আয়োজিত এক হাইপ্রোফাইল প্রশিক্ষণ কর্মসূচিকে কেন্দ্র করে। লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতিতে আয়োজিত ওই গুরুত্বপূর্ণ ওরিয়েন্টেশন শিবিরে একাধিক বিধায়কের সঙ্গে চরম দুর্ব্যবহার ও দায়িত্বজ্ঞানহীন আচরণ করার অভিযোগ ওঠে ওই মার্শালের বিরুদ্ধে। অনুষ্ঠান চলাকালীন তাঁর অসৌজন্যমূলক চালচলন এবং প্রশাসনিক গাফিলতি নিয়ে ক্ষুব্ধ বিধায়কেরা শাসকদলের মুখ্য সচেতকের কাছে সরাসরি লিখিত ও মৌখিক নালিশ জানান। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে তড়িঘড়ি তদন্তের পথ প্রশস্ত করে সচিবালয়।বিধানসভা সচিবালয়ের জারি করা বিশেষ সরকারি বিজ্ঞপ্তিতে (নং ৯১১ L.A/Estab.) জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধির ১০ নম্বর ধারা মেনে দেবব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। সেই তদন্তের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ৭(১)(এ) ধারা অনুযায়ী তাঁকে অবিলম্বে সাসপেন্ড রাখা হয়েছে। প্রিন্সিপাল সেক্রেটারি এস. এন. দাসের স্বাক্ষর সংবলিত এই নির্দেশনামা ইতিমধ্যেই অর্থ দপ্তর ও অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিধানসভার নিরাপত্তা রক্ষা থেকে শুরু করে স্পিকারের নির্দেশ পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই শীর্ষ কর্তার আচমকা সাসপেনশন রাজ্য রাজনীতিতে এক চরম চাঞ্চল্য তৈরি করেছে।হিডেন স্টোরিজ নিউজ