নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রার্থী শুভেন্দু? ‘সাহস থাকলে...!’ চ্যালেঞ্জ তৃণমূলের
কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই সরগরম বাংলার রাজনীতি। সূত্রের খবর, নন্দীগ্রামের পাশাপাশি এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরেও প্রার্থী হতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে নাকি দু'টি আসন থেকেই লড়াইয়ে নামার নির্দেশ দিয়েছে! আজ, শনিবার - ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার দিনই এই হাই-ভোল্টেজ ঘোষণা হতে পারে বলেও দাবি করা হচ্ছে!সম্প্রতি দিল্লিতে জে পি নাড্ডার বাসভবনে সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্যদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। একইসঙ্গে, শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারীকে উত্তর কাঁথি থেকে প্রার্থী করার সম্ভাবনাও প্রবল। রাজনৈতিক মহলের মতে, গত নির্বাচনে ভবানীপুর বা ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণায় দেরি হওয়ায় যে ক্ষতি হয়েছিল, এবার আগেভাগেই প্রার্থীতালিকা ঘোষণা করে সেই ভুল সংশোধন করতে চাইছে পদ্ম শিবির।[TECHTARANGA-POST:7286]কিন্তু, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের সঙ্গে তাঁর আবেগ ও রাজনৈতিক লড়াইয়ের সম্পর্ক ছিন্ন করতে নারাজ। আবার, ভবানীপুরেও তিনি তৃণমূল সুপ্রিমোকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। এই দ্বিমুখী লড়াইয়ের কৌশল মূলত তৃণমূল কংগ্রেসকে চাপে রাখার জন্যই বলে মনে করা হচ্ছে।যদিও, শুভেন্দুর এই জোড়া আসনে লড়াইয়ের সম্ভাবনা নিয়ে তীব্র কটাক্ষ করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “হারার ভয় থাকলেই অনেকে দু'টি আসনে দাঁড়ান। যদি সাহস থাকে, তাহলে শুভেন্দু অধিকারী শুধু ভবানীপুরেই লড়ে দেখান। দু'টি সিটে দাঁড়ানো মানেই পরাজয় মেনে নেওয়ার মানসিকতা।”আগামী সোমবার জাতীয় নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে। তার আগেই শুভেন্দুকে ঘিরে এই জল্পনা বাংলার নির্বাচনী আবহে এক নতুন মাত্রা যোগ করল বলে মনে করা হচ্ছে।