রাজ্যসভায় ফের সিংভি-ই ভরসা কংগ্রেসের, প্রার্থী হলেন মৃত্যুঞ্জয়ী নেত্রীও; তবে ব্রাত্যই থেকে গেলেন দীপা
নয়াদিল্লি: প্রত্যাশামতোই রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকায় অভিজ্ঞতার ওপরই বাজি ধরল কংগ্রেস। সুপ্রিম কোর্টের প্রথিতযশা আইনজীবী অভিষেক মনু সিংভিকে এবার তেলেঙ্গানা থেকে সংসদের উচ্চকক্ষে পাঠাচ্ছে হাত শিবির। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে মোট ৬টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে এআইসিসি (AICC)। তবে বাংলা থেকে লড়াকু নেত্রী দীপা দাশমুন্সীর নাম নিয়ে জল্পনা থাকলেও শেষ পর্যন্ত তাঁর ভাগ্যে শিকে ছিঁড়ল না।[TECHTARANGA-POST:7016]গান্ধী পরিবার থেকে শুরু করে এআইসিসি—কংগ্রেসের যাবতীয় আইনি লড়াইয়ের প্রধান সেনাপতি অভিষেক মনু সিংভি। হিমাচল প্রদেশ থেকে গতবার পরাজিত হলেও এবার তেলেঙ্গানার নিরাপদ আসন থেকে তাঁকে প্রার্থী করা হয়েছে। এছাড়া তেলেঙ্গানার দ্বিতীয় আসনে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির ঘনিষ্ঠ ভেম নরেন্দ্র রেড্ডিকে টিকিট দেওয়া হয়েছে। তেলেঙ্গানায় কংগ্রেসের জয়ে দীপা দাশমুন্সীর বড় ভূমিকা থাকলেও শেষ পর্যন্ত টিকিট পেলেন না তিনি।[TECHTARANGA-POST:7015]কংগ্রেসের এই তালিকায় সবচেয়ে বড় আবেগঘন নাম ফুলো দেবী নেতাম। ছত্তিশগড় থেকে টিকিট পাওয়া এই আদিবাসী নেত্রী ১৩ বছর আগে এক ভয়াবহ নকশাল হামলার শিকার হয়েছিলেন। যে হামলায় ২৪ জন প্রথম সারির কংগ্রেস নেতা প্রাণ হারিয়েছিলেন, সেখানে অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন ফুলো দেবী। এছাড়া তামিলনাড়ুতে জোট শরিক ডিএমকে-র সমর্থনে টিকিট পেয়েছেন খ্রিস্টোফার তিলক।[TECHTARANGA-POST:7014]বর্তমানে ২৪৫ আসনের রাজ্যসভায় এনডিএ (NDA)-র শক্তি ১৩৩, যা ম্যাজিক ফিগারের চেয়ে বেশি। এর মধ্যে এককভাবে বিজেপির সাংসদ ১০৩ জন। অন্যদিকে, কংগ্রেস-সহ বিরোধীদের শক্তি যথেষ্ট কম। বিরোধী শিবিরের বর্তমান ৭৯ জন সাংসদের মধ্যে কংগ্রেসের হাতে রয়েছে মাত্র ২৭টি আসন। এবারের ভোটের পর বিরোধীদের সংখ্যা আরও কমে ৭৫-এ নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কংগ্রেসের আসন সংখ্যা সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।[TECHTARANGA-POST:7013]উল্লেখ্য, অসম এবং রাজস্থানে জেতার মতো জায়গায় থাকলেও কৌশলগত কারণে এখনও সেখানে প্রার্থীর নাম ঘোষণা করেনি কংগ্রেস।