শীত 'বোল্ড আউট', এবার ব্যাটিং করবে গরম! রবিবারের মধ্যেই উধাও হবে ঠান্ডা: পূর্বাভাস হাওয়া অফিসের
কলকাতা: ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পার হতেই ভোলবদল প্রকৃতির। হাড়কাঁপানি ঠান্ডার রেশ কাটিয়ে এবার বিদায়ঘণ্টা বাজছে শীতের। আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে, বঙ্গে শীতের আমেজ এখন শেষের পথে। আগামী কয়েকদিনেই পারদ চড়বে হু হু করে, আর উইকেন্ড আসতেই শীত কার্যত ‘উধাও’ হবে রাজ্য থেকে।হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) থেকেই তাপমাত্রার গ্রাফ ওপরের দিকে উঠতে শুরু করবে। আগামী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রবিবারের মধ্যে দিনের বেলা শীতের অনুভূতি আর থাকবে না বললেই চলে। ঘন কুয়াশার সতর্কতা আপাতত নেই। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা বা শিশির দেখা দিলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে।কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী নয়। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ১৬ থেকে ২৭ ডিগ্রির মধ্যে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ২৯ থেকে ৮৪ শতাংশের মধ্যে। আগামী সাত দিন আবহাওয়া সম্পূর্ণ শুষ্ক থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।বর্তমানে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য নিচে থাকলেও বৃহস্পতিবার থেকে তা বাড়তে শুরু করবে। সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। হালকা কুয়াশা থাকলেও রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার প্রভাব দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা বেশি থাকবে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। তবে পাহাড়েও উইকেন্ড থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। দার্জিলিংয়ের তাপমাত্রা বর্তমানে ৪ থেকে ৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে।আবহাওয়াবিদদের মতে, বর্তমানে পাঞ্জাব ও সংলগ্ন পাকিস্তানে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিম রাজস্থানে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি আপার এয়ার সার্কুলেশন তৈরি হয়েছে। এই সবের প্রভাবেই উত্তুরে হাওয়ার পথ রুদ্ধ হচ্ছে এবং রাজ্যে গরমের প্রবেশ ঘটছে।