এবার পুলিশের জালে অভিষেকের অতি ঘনিষ্ঠ দেবরাজ! অদিতি মুন্সির স্বামীকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি
কলকাতা: রাজ্যে নতুন সরকার গঠিত হতেই যেন চারদিকে শোরগোল! আর জি কর ফাইল খোলা, পুর নিয়োগ দুর্নীতিতে সুজিত বসুর শ্রীঘরযাত্রা কিংবা পশুহত্যায় কড়া বিধিনিষেধের পর এবার কি তবে আরও এক হেভিওয়েট নেতার পতন? মঙ্গলবার গভীর রাত থেকে রাজ্য রাজনীতিতে আচমকাই ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর জল্পনা। শোনা যাচ্ছে, পুলিশের জালে ধরা পড়েছেন তৃণমূলের অত্যন্ত প্রভাবশালী যুব নেতা এবং রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা জনপ্রিয় সঙ্গীতশিল্পী অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী! তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই নেতার আটক বা গ্রেফতারির খবর চাউর হতেই তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।[TECHTARANGA-POST:9315]মঙ্গলবার মধ্যরাত পেরিয়ে গেলেও দেবরাজ চক্রবর্তীর এই রহস্যময় ‘উধাও’ হওয়া বা গ্রেফতারি নিয়ে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের তরফে সরকারিভাবে কোনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। তবে বিশেষ সূত্রের দাবি, মঙ্গলবার রাত থেকেই দেবরাজ চক্রবর্তীকে কোনও এক কেন্দ্রীয় সংস্থা কিংবা সিআইডি আটকে রেখে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। কেউ দাবি করছেন তাঁকে ইডি তুলেছে, আবার কারও দাবি রাজ্য পুলিশের সিআইডি তাঁকে তুলে নিয়ে গিয়েছে ভবানী ভবনে। বুধবার সকালের আগে পর্যন্ত গ্রেফতারির কোনও আনুষ্ঠানিক সিলমোহর না পড়লেও, জল্পনা কিন্তু থামছে না।[TECHTARANGA-POST:9302]এই জল্পনার আগুনে ঘি ঢেলেছেন রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। মঙ্গলবার রাতে হুট করেই তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন — "পাপ বিদায়"! তাঁর এই রহস্যময় পোস্টের পরই বিজেপির প্রাক্তন নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায় সরাসরি দেবরাজ চক্রবর্তীর নাম উল্লেখ করে প্রশ্নবোধক চিহ্ন-সহ একটি পোস্ট করেন। শুধু তাই নয়, নাম প্রকাশে অনিচ্ছুক গেরুয়া শিবিরের একাধিক শীর্ষ নেতা দাবি করেছেন, তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক সুনির্দিষ্ট মামলায় মঙ্গলবার রাতেই জালে পোরা হয়েছে দেবরাজকে।[TECHTARANGA-POST:9313]ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে এলাকায় তোলাবাজি, সিন্ডিকেট রাজ এবং বিরোধীদের উপর লাগাতার আক্রমণের অভিযোগ তুলে বারবার সরব হয়েছিল বিজেপি নেতৃত্ব। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে অন্যায়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে চলছেন, তা প্রথম দিন থেকেই স্পষ্ট। দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই প্রাক্তন মন্ত্রী সুজিত বসু গ্রেফতার হয়েছেন। এবার সেই একই পুর এলাকার দাপুটে নেতা তথা অদিতির স্বামীর এই সম্ভাব্য গ্রেফতারির খবর সত্যি হলে, তা তৃণমূলের জন্য যে মস্ত বড় ধাক্কা হতে চলেছে, তা বলাই বাহুল্য।