পুজোর ছুটিতে বেড়ানোর প্ল্যান? ট্রেনের টিকিট মিলবে কবে থেকে? জানুন রেলের আপডেট
কলকাতা: পুজো আসতে আর মোটে দু’মাস বাকি। এই ক’টা দিন মানেই উৎসবের আনন্দের পাশাপাশি লম্বা ছুটি কাটানোর সুবর্ণ সুযোগ। কলকাতার চেনা ভিড় ছেড়ে বহু ভ্রমণপিপাসু বাঙালিই এই সময়টা কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছেন। আবার অনেকেই ছুটির হিসাব কষে গন্তব্য চূড়ান্ত করার ভাবনায় রয়েছেন। তবে সবার মনেই এখন একটাই বড় প্রশ্ন, পুজোর সময় দূরপাল্লার ট্রেনের কনফার্ম টিকিট মিলবে তো? আসন না পেলে কি ভেস্তে যাবে সাজানো পরিকল্পনা? যাত্রীদের এই সমস্ত দুশ্চিন্তা দূর করতে বড়সড় আপডেট দিল ভারতীয় রেল।[TECHTARANGA-POST:11575]অতীতে যাত্রার চার মাস আগে থেকে টিকিট কাটার নিয়ম থাকলেও, রেলের নতুন নিয়ম অনুযায়ী তা কমিয়ে এখন দু’মাস করা হয়েছে। সেই হিসাব অনুযায়ী, এ বারের পুজোয় ১৪ থেকে ২০ অক্টোবরের মধ্যে যাঁদের বাইরে যাওয়ার পরিকল্পনা রয়েছে, তাঁদের জন্য টিকিট বুকিংয়ের সুযোগ আসছে মাত্র আর দিন পাঁচেক পরেই। আগামী ১৫ অগস্ট সকাল আটটা থেকে ১৪ অক্টোবর বা চতুর্থীর ট্রেনের বুকিং শুরু হয়ে যাবে। একইভাবে ১৫ অক্টোবর বা পঞ্চমীর যাত্রার জন্য ১৬ অগস্ট এবং ২১ অক্টোবর দশমীর দিন ফেরার টিকিট কাটা যাবে আগামী ২২ অগস্ট থেকে। উল্লেখ্য, এ বার তিথি অনুযায়ী সপ্তমী দু’দিন— ১৭ ও ১৮ অক্টোবর পড়েছে। ফলে পুজোর মরশুমে টিকিটের চাহিদা তুঙ্গে থাকবে এবং বুকিং উইন্ডো খুলতেই মুহূর্তের মধ্যে সব টিকিট শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।তবে শুধু নিয়মিত ট্রেনের উপর ভরসা করে থাকতে হবে না যাত্রীদের। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, প্রতিবারের মতো এবারও পুজোর সময় উপচে পড়া ভিড় সামলাতে স্পেশ্যাল ট্রেন চালানো হবে। পুজোর কয়েকদিন আগে থেকেই এই বিশেষ ট্রেনগুলি চলাচল শুরু করবে এবং তা কালীপুজো পর্যন্ত বহাল থাকবে। একইভাবে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণও নিশ্চিত করেছেন যে, টিকিটের অতিরিক্ত চাহিদা মেটাতে নির্দিষ্ট গন্তব্যের জন্য পুজোর সপ্তাহ দুয়েক আগে থেকেই স্পেশ্যাল ট্রেনের সূচি প্রকাশ করা হবে।[TECHTARANGA-POST:11569]এরপরেও যদি ভাগ্যে টিকিট না জোটে, তবে শেষ ভরসা হিসেবে থাকছে তৎকাল এবং প্রিমিয়াম তৎকাল ব্যবস্থা। তবে তৎকালের ক্ষেত্রে জালিয়াতি রুখতে রেল বাড়তি কড়াকড়ি আরোপ করেছে। এখন থেকে তৎকাল টিকিট কাটতে হলে সংশ্লিষ্ট যাত্রীর পরিচয় যাচাইয়ের জন্য নির্দিষ্ট নিয়ম বা সরকারি নথি বাধ্যতামূলক করা হয়েছে। টিকিট কাটার সময় নথি-সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি আসবে এবং তা যাচাইয়ের পরই মিলবে টিকিট। যাত্রার একদিন আগে এসি কোচের জন্য সকাল ১০টায় এবং নন-এসি কোচের জন্য সকাল ১১টায় তৎকাল বুকিং খোলা হয়। বিশেষজ্ঞরা বলছেন, সকাল আটটায় বুকিং শুরুর মুহূর্তে সেকেন্ডের মধ্যে ওয়েটিং লিস্ট এড়াতে চাইলে ঘড়ি ধরে সাতটা পঞ্চাশ মিনিটে আইআরসিটিসি অ্যাপে লগইন করে সমস্ত তথ্য আগে থেকেই সাজিয়ে রাখা বুদ্ধিমানের কাজ হবে।