Tanushree Dutta on Nana Patekar: ‘হর্ন ওকে প্লিজ’ থেকে মিটু আন্দোলন, পুরনো বিতর্কের মাঝেই নানার প্রয়াণে মুখ খুললেন তনুশ্রী
মুম্বইঃ ২০১৮ সালে অভিনেত্রী তনুশ্রী দত্তের অভিযোগ ঘিরে বলিউডে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। তার প্রায় আট বছর পর সেই ঘটনাই আবার আলোচনায়। তবে এবার প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। বৃহস্পতিবার সকালেই প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর। আর তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই নজর ঘুরেছিল তনুশ্রী দত্তের দিকে। কারণ, ভারতীয় চলচ্চিত্রে ‘মিটু’ আন্দোলনের অন্যতম আলোচিত অধ্যায়ের সঙ্গে জড়িয়ে রয়েছে এই দুই নাম।[TECHTARANGA-POST:13463]নানা পাটেকরের প্রয়াণের খবর পাওয়ার পর তনুশ্রীর বক্তব্য, এই মুহূর্তে লখনউয়ের একটি অনুষ্ঠান ঘিরে তিনি ব্যস্ত। আগে থেকেই কাজের পরিকল্পনা ছিল তাঁর। তাই আপাতত সেদিকেই মন দিতে চান তিনি। তনুশ্রী জানান, “লাইভ করা বা কনটেন্ট পোস্ট করারও ইচ্ছে ছিল, কিন্তু এখন দুশ্চিন্তা হচ্ছে যে সন্ধেয় হয়তো সব মিডিয়া ওই ‘ইভিল ডেড’ (নানা প্রসঙ্গে)-কে নিয়েই আগ্রহী হয়ে উঠবে। তাই কী ধরনের প্রতিক্রিয়া জানানো উচিত, তা ঠিক করে তবেই আমি আমার মতামত জানাব।” যদিও তাঁর পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন অভিনেত্রী।তনুশ্রীর সঙ্গে নানা পাটেকরের সম্পর্কের তিক্ততা অবশ্য নতুন নয়। বিতর্কের সূত্রপাত ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি গানের শুটিং ঘিরে। তনুশ্রীর অভিযোগ ছিল, শুটিংয়ের সময় নানা তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছিলেন। সেই ঘটনার পর তিনি ছবির কিছু দৃশ্যে নানার সঙ্গে কাজ করতে আপত্তি জানান বলেও দাবি করেছিলেন। এমনকী মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মীরা তাঁর গাড়িতে হামলা চালিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি। তনুশ্রীর সমস্ত অভিযোগই খারিজ করে অভিনেতা বলেন, ঘটনার বহু বছর পর তনুশ্রী এই অভিযোগ তুলছেন এবং তাঁর দাবি সত্যি নয়। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপও করেছিলেন নানা।[TECHTARANGA-POST:13459]২০১৮ সালে তনুশ্রী আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। সেই তালিকায় ছিলেন কোরিওগ্রাফার গণেশ আচারিয়াও। তারপরই ভারতে ‘মিটু’ আন্দোলন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। বহু মহিলা নিজেদের কর্মক্ষেত্রে যৌন হেনস্থার অভিজ্ঞতা প্রকাশ্যে আনতে শুরু করেন। আজ, সেই বিতর্কের অন্যতম মুখ নানা পাটেকর আর নেই। তাঁর মৃত্যু ঘিরে অভিনেত্রী তনুশ্রী দত্তের মন্তব্যে ফের আলোচনায় উঠে এল সেই পুরনো বিতর্কের কথা।