টোল প্লাজায় অদৃশ্য সফটওয়্যারের খেলা! সাতসকালে কলকাতার অভিজাত আবাসনে ইডির রেড, পর্দাফাঁস লখনউয়ের গোপন মামলার
কলকাতা: ঘুম ভাঙতেই খাস কলকাতায় ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অ্যাকশন। বুধবার কাকভোরে শহরের বুকে অতর্কিতে হানা দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। শেক্সপিয়র সরণির এক বিলাসবহুল বহুতলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন হতে দেখেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জানা গিয়েছে, বহুতলের তিন তলার একটি বাণিজ্যিক অফিসে ঢোকেন আধিকারিকেরা এবং শুরু হয় ম্যারাথন তল্লাশি। তবে এটি কেবল কলকাতার স্থানীয় কোনও ঘটনা নয়, এর নেপথ্যে লুকিয়ে রয়েছে সাতটি রাজ্যজুড়ে ছড়িয়ে থাকা এক বিপুল দুর্নীতির জাল।সূত্রের খবর, উত্তরপ্রদেশের লখনউয়ে দায়ের হওয়া একটি অভিযোগের সূত্র ধরেই এই মেগা অপারেশন শুরু করেছে ইডি। অভিযোগ, জাতীয় সড়কে টোল প্লাজাগুলিতে এক বিশেষ ধরনের সফ্টওয়্যার ব্যবহার করে দিনের পর দিন কোটি কোটি টাকা বেআইনি ভাবে হাতিয়ে নেওয়া হয়েছে। সেই অভিযোগের তদন্তে নেমে এদিন পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও রাজস্থান-সহ দেশের মোট সাতটি রাজ্যের ১৪টি গুরুত্বপূর্ণ ঠিকানায় একযোগে চিরুনি তল্লাশি শুরু করেছেন গোয়েন্দারা।কলকাতা শহরের ঠিক মাঝখানে বসে এই সফটওয়্যার কারচুপির নেটওয়ার্ক পরিচালনা করা হচ্ছিল কি না, এই বিপুল পরিমাণ তছরুপের টাকা ঠিক কাদের অ্যাকাউন্টে পাচার হয়েছে এবং এই আন্তঃরাজ্য চক্রের মূল পাণ্ডা কে—সেই সমস্ত তথ্য ও ডিজিটাল নথি উদ্ধার করতেই শেক্সপিয়র সরণির ওই দফতরে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। বাজেয়াপ্ত করা হচ্ছে একাধিক কম্পিউটার, হার্ডডিস্ক ও গুরুত্বপূর্ণ নথিপত্র।হিডেন স্টোরিজ নিউজ