Hidden Stories (বাংলা)

মেলেনি প্রতিশ্রুত অন্নপূর্ণার টাকা, বিরাটিতে রেললাইনে বসে তুমুল বিক্ষোভ মহিলাদের! স্তব্ধ ডাউন লাইনে তীব্র যাত্রী দুর্ভোগ

বিরাটি: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে শুক্রবার দুপুরে তুলকালাম কাণ্ড ঘটে গেল বিরাটি স্টেশন চত্বরে। সমস্ত নথি জমা দিয়ে আবেদন অনুমোদিত হওয়া সত্ত্বেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকায় ক্ষোভে ফেটে পড়ে রেললাইনে নেমে অবস্থান বিক্ষোভে শামিল হন বহু মহিলা। শুক্রবার দুপুর ১টা ৪১ মিনিট নাগাদ হাসনাবাদ থেকে শিয়ালদহগামী ডাউন লোকাল ট্রেনটি বিরাটি স্টেশনে ঢোকার মুখে ফ্লাইওভারের নীচে লাইনে বসে পড়েন বিক্ষোভকারীরা। ব্যস্ত সময়ে হঠাৎ এই অবরোধের জেরে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি এবং শিয়ালদহ উত্তর শাখায় একের পর এক ট্রেন আটকে পড়ে চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ যাত্রীরা।অবরোধের কারণে ট্রেন আটকে থাকায় ক্ষুব্ধ যাত্রীদের একাংশের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র বাকবিতণ্ডাও বাধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ ও আরপিএফ। প্রশাসনের আশ্বাসে ও পুলিশের হস্তক্ষেপে প্রায় আধ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হলেও দিনভর ট্রেন চলাচলের স্বাভাবিক গতি ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন নিত্যযাত্রীরা। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, সমস্ত নথিপত্র বারবার যাচাই করার পর আবেদন ‘অ্যাপ্রুভড’ দেখালেও তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, অথচ অনেকেই ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছেন। যোগ্য সকল উপভোক্তার বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি তোলেন তাঁরা।প্রশাসনিক সূত্রে খবর, কিছু ব্যাঙ্কিং ত্রুটি কিংবা আধার সংযোগের সমস্যার কারণে নির্দিষ্ট কিছু প্রাপকের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে দেরি হচ্ছে। তবে নথি যাচাইয়ের পরেও কেন এই বিভ্রাট, সে বিষয়ে এখনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। এই ঘটনায় উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার জানান, উপভোক্তাদের সমস্যার বিষয়টি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। পাশাপাশি বিরোধীদের দিকে আঙুল তুলে তিনি অভিযোগ করেন যে, সাধারণ মানুষকে উস্কে সরকার বিরোধী পরিবেশ তৈরির চেষ্টা চালানো হচ্ছে, তাই কাউকে প্ররোচনায় পা না দিয়ে শান্ত থাকার বার্তা দিয়েছেন তিনি।[TECHTARANGA-POST:11842]হিডেন স্টোরিজ নিউজ

মেলেনি প্রতিশ্রুত অন্নপূর্ণার টাকা, বিরাটিতে রেললাইনে বসে তুমুল বিক্ষোভ মহিলাদের! স্তব্ধ ডাউন লাইনে তীব্র যাত্রী দুর্ভোগ