Hidden Stories (বাংলা)

৯৩ কোটি থেকে ২৪২ গাড়ি! টুলুর ‘সাম্রাজ্য’ ফাঁস, বিস্ফোরক শুভেন্দু

একটা নাম, আর তার সঙ্গে জুড়ে যাচ্ছে কোটি কোটি টাকার সম্পত্তির হিসেব। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ‘সাম্রাজ্য’ নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, একদিনে এই বিপুল সম্পত্তি তৈরি হয়নি। এর পিছনে দীর্ঘদিনের দুর্নীতির চক্র রয়েছে। শুক্রবার সাংবাদিক বৈঠকে টুলুর বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী।শুভেন্দু অধিকারীর দাবি, টুলু মণ্ডলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা প্রায় ৯৩ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে নগদ টাকা, সোনা, রুপো, প্ল্যাটিনাম-সহ বিপুল সম্পদ। উদ্ধার হয়েছে ২৬৮ গ্রাম সোনা, ৪০০ গ্রাম রুপো, ৬৩ গ্রাম প্ল্যাটিনাম। পাশাপাশি টাকা গোনার মেশিন, কম্পিউটার, সিপিইউ এবং পেনড্রাইভও পাওয়া গিয়েছে। শুধু নগদ বা গয়না নয়, টুলুর গাড়ির বহর নিয়েও বিস্ফোরক তথ্য দেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ৮৩টি ট্রাক ও ডাম্পার, পাশাপাশি বিএমডব্লিউ, অডি-সহ মোট ২৪২টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও টুলুর নামে থাকা ২১টি সম্পত্তির খোঁজ মিলেছে বলে জানান তিনি। এই সম্পত্তির তালিকায় রয়েছে ৭টি বাড়ি, ১টি ফার্মহাউস, ২টি পেট্রল পাম্প, ১টি পার্কিং এবং ২টি ক্রাশার। সব মিলিয়ে প্রায় ৩০০ বিঘা জমি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান শুভেন্দু।[TECHTARANGA-POST:11372]এদিন টুলু মণ্ডল প্রসঙ্গে শুভেন্দু বলেন, “কাঁড়ি কাঁড়ি সম্পত্তি একদিনে তৈরি হয় না। এর পিছনে দীর্ঘদিনের যোগ রয়েছে।” তাঁর নিশানায় ছিল পূর্বতন তৃণমূল সরকার। শুভেন্দুর অভিযোগ, “এত বড় দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না।” যারাই এই অন্যায়ের সঙ্গে যুক্ত, তাঁদের কাউকেই ছাড়া হবে না। শুধু পুলিশ বা প্রশাসনের নিচু স্তরের আধিকারিকদের দায়ী করে লাভ নেই বলেও মন্তব্য করেন তিনি। এদিকে এখনও অধরা টুলু মণ্ডল। মুখ্যমন্ত্রীর দাবি, গত ৪ মে-র পরই বিদেশে পালিয়ে গা ঢাকা দিয়েছেন তিনি। তবে রাজ্য পুলিশ তাঁকে খুঁজে বের করবে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন শুভেন্দু।

৯৩ কোটি থেকে ২৪২ গাড়ি! টুলুর ‘সাম্রাজ্য’ ফাঁস, বিস্ফোরক শুভেন্দু