‘টিকা দেওয়ার পর থেকেই ফুলছিল শরীর!’ স্বাস্থ্যকর্মীদের চরম গাফিলতিতে ৩ মাসের একরত্তির মর্মান্তিক মৃত্যু? ক্ষোভে ফুঁসছে হরিণঘাটা
নদিয়া: স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের বিষক্রিয়াতেই কি নিভে গেল তিন মাসের একরত্তির প্রাণ? নদিয়ার হরিণঘাটা থানার নগরউখড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হাঁড়িপাড়া সাতবেড়িয়া এলাকায় এক দুধের শিশুর মর্মান্তিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্বাস্থ্যকর্মীদের দায়িত্বজ্ঞানহীনতা এবং চরম গাফিলতির বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে শিশুর পরিবার।পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৩ আগস্ট হাঁড়িপাড়া ঘোষপাড়া হেলথ সেন্টারে ঋষব দাস নামে ওই শিশুকে পোলিও-সহ একাধিক রুটিন টিকা দেওয়া হয়। অভিযোগ, টিকা প্রয়োগের পর থেকেই শিশুটির শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি হতে শুরু করে এবং শরীরের বিভিন্ন অংশ অস্বাভাবিকভাবে ফুলে ওঠে। স্থানীয় চিকিৎসকদের পরামর্শে প্রথমে ১৫ আগস্ট তাকে বনগাঁ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, শিশুটির শরীরে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে তাকে দ্রুত কলকাতার নীলরতন সরকার (এনআরএস) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে অস্ত্রোপচার এবং টানা চিকিৎসার পর গত ২৯ আগস্ট মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।এই ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মী বুলু মিত্র এবং সহকারী আশা কর্মী শিখা ভৌমিকের বিরুদ্ধে নগরউখড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। তাদের আরও অভিযোগ, টিকাকরণের কার্ড বা সরকারি নথিতে কোনও সিল-স্বাক্ষর দেওয়া হয়নি এবং ঘটনাটি ধামাচাপা দিতে তাঁদের টাকার প্রলোভন পর্যন্ত দেখানো হয়েছিল। গোটা বিষয়টি বাগদার বিধায়ক সোমা ঠাকুর, হরিণঘাটার বিধায়ক অসীম কুমার সরকার এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকেও জানানো হয়েছে। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে পরিবার। এই হৃদয়বিদারক ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো এবং ভ্যাকসিন সংরক্ষণের ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।[TECHTARANGA-POST:12131]হিডেন স্টোরিজ নিউজ