Hidden Stories (বাংলা)

Viral Bihar: আটলান্টার জীবন থেকে একেবারে অন্য বাস্তবতায়! হোপের এই বদল ঘিরে নেটদুনিয়ায় কেন বাড়ছে কৌতূহল?

পাটনাঃ আমেরিকার আটলান্টায় বেড়ে ওঠা। জীবনের বেশিরভাগ সময়টাই কেটেছে মার্কিন মুলুকেই। কিন্তু বিয়ের পর সেই পরিচিত জীবন ছেড়ে একেবারে অন্যরকম জায়গায় পা রেখেছেন হোপ। বর্তমানে তাঁর ঠিকানা বিহারের এক গ্রাম। স্বামী অভিষেক সিংহ এবং ছোট ছেলেকে নিয়ে সেখানেই সংসার করছেন তিনি। রোজের জীবনের টুকরো টুকরো ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নিতেই নজর কেড়েছেন এই মার্কিন তরুণী।[TECHTARANGA-POST:12717]হোপের ভারত-যাত্রা শুরু হয়েছিল ২০২৫ সালের অক্টোবর মাসে। যদিও অভিষেকের সঙ্গে তাঁর বিয়ে ২০২৩ সালে। বর্তমানে প্রায় ছ’মাস ধরে বিহারের গ্রামে পরিবারের সঙ্গে থাকছেন তিনি। হোপের কনটেন্টের সবচেয়ে আকর্ষণীয় দিক হল, সেখানে কোনও পর্যটকের চোখে দেখা ভারত নেই। বরং রয়েছে একেবারে ঘরোয়া জীবনের ব্যস্ততা। কখনও প্লাস্টিকের গামলায় হাতে কাপড় কাচছেন, কখনও বাসন মাজছেন। আবার কখনও প্রথাগত উনুনে রান্না করছেন। পোশাক ও সংস্কৃতির ক্ষেত্রেও ভারতীয় জীবনযাত্রাকে আপন করে নিতে দেখা যায় তাঁকে। কখনও কুর্তা, কখনও শাড়িতে দেখা যায় হোপকে। এমনকী সিঁদুর পরে সাজগোজ করার ভিডিওও সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন তিনি। হোপের কনটেন্টের অন্যতম বড় অংশ খাবারদাবারও। গ্রামের তাজা উপকরণ ব্যবহার করে ভারতীয় রান্না করতে দেখা যায় তাঁকে। কখনও সামোসা চাট, কখনও পাওভাজি বিভিন্ন জনপ্রিয় খাবারের রেসিপিও শেয়ার করেছেন তিনি। রুটি বানানোর চেষ্টার পাশাপাশি স্থানীয় ভাষায় যোগাযোগ করার চেষ্টাও ধরা পড়েছে তাঁর ভিডিওতে। তবে প্রশ্নও উঠেছে, আমেরিকার জীবন ছেড়ে কীভাবে এবং কেন বিহারের একটি গ্রামে এসে থিতু হলেন হোপ? কীভাবেই বা আলাপ হয়েছিল অভিষেকের সঙ্গে? তাঁদের ভিন্ন সংস্কৃতির সম্পর্ক নিয়েও নানা মন্তব্য করেছেন নেটিজেনরা। [TECHTARANGA-POST:12715]অন্যদিকে, বিদেশ থেকে এসে হোপের ভারতীয় সংস্কৃতিকে মানিয়ে নেওয়ার প্রশংসাও করেছেন অনেকে। একজনের মন্তব্য, এত দূরের এক সংস্কৃতিকে তিনি যেভাবে আপন করে নিয়েছেন এবং নিজের ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরছেন, তা প্রশংসনীয়। সমালোচনা থাকলেও হোপের কনটেন্টে ইতিবাচক প্রতিক্রিয়ার সংখ্যাই চোখে পড়ছে বেশি। 

Viral Bihar: আটলান্টার জীবন থেকে একেবারে অন্য বাস্তবতায়! হোপের এই বদল ঘিরে নেটদুনিয়ায় কেন বাড়ছে কৌতূহল?