গঙ্গায় এবার ‘ওয়াটার মেট্রো’! কোচি মডেলের ধাঁচে মেগা প্রজেক্টে সবুজ সঙ্কেত নবান্নের
কলকাতা: নদীবক্ষের তলদেশের নীচে দিয়ে মেট্রো রেল চলার পর এবার গঙ্গার বুকেই চালু হতে চলেছে ‘ওয়াটার মেট্রো’! কেরালার কোচি মডেলকে সামনে রেখে কলকাতায় এই অত্যাধুনিক জলপথ পরিবহণব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনায় সিলমোহর দিল নবান্ন। সূত্রের খবর, প্রকল্পের প্রাথমিক রূপরেখা তৈরির জন্য ইতিমধ্যেই অর্থ দফতরের ছাড়পত্র মিলেছে।প্রকল্পটি বাস্তবায়িত করতে আগামী সপ্তাহে কলকাতা পুরনিগমে একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। সেখানে কোচি ওয়াটার মেট্রোর একটি প্রতিনিধিদল উপস্থিত থাকবে। ভারতের প্রথম এবং এশিয়ার বৃহত্তম এই সমন্বিত ফেরি পরিষেবার সাফল্য ও কারিগরি দিক নিয়ে তারা একটি প্রেজেন্টেশন দেবে। মূলত, তাদের গাইডলাইন মেনেই কলকাতায় এই পরিষেবা শুরুর রোডম্যাপ তৈরি হবে।বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় ইতিমধ্যেই গঙ্গার দুই পাড়ের প্রায় ৫০টি জেটিকে আধুনিক রূপ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে ১৩টি অত্যাধুনিক ই-ভেসেল নামানোর প্রস্তুতি চলছে। এছাড়া আরও ২২টি ভেসেল দ্রুত পরিষেবায় যুক্ত হবে। সেইসঙ্গে, কোচির মতোই এখানেও ব্যাটারি ও ডিজেল চালিত ‘ইলেকট্রিক হাইব্রিড’ বোট ব্যবহার করা হতে পারে, যা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং পরিবেশবান্ধব। পাশাপাশি, যাত্রীদের সুবিধার্থে জেটিগুলিতে বসানো হয়েছে স্মার্ট কার্ড রিডার গেট।কলকাতা ও সংলগ্ন এলাকার রাস্তায় যানবাহনের চাপ কমাতে এই ওয়াটার মেট্রো গেম-চেঞ্জার হতে পারে বলে মনে করছে প্রশাসন। নবান্নের এক কর্তার কথায়, “পরিকল্পনাটি বর্তমানে প্রাথমিক স্তরে রয়েছে। আগামী সপ্তাহের বৈঠকে বোটের নকশা, রুটের ব্যাপ্তি এবং সামগ্রিক খরচ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।”দোল উৎসবের পরই এই মেগা প্রকল্পের কাজ গতি পাবে বলে আশা করা হচ্ছে। জলপথকে ঢেলে সাজানোর এই উদ্যোগ সফল হলে কলকাতার পরিবহণ মানচিত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।