এবার মিমের দরজায় সিপিএম! জোটের জট কাটাতে ইমরান সোলাঙ্কিকে ফোন আলিমুদ্দিনের
কলকাতা---নির্বাচন যত এগিয়ে আসছে, ততই নাটকীয় মোড় নিচ্ছে বাংলার জোট-রাজনীতি। একদিকে কংগ্রেস ও হুমায়ুন কবীরের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর, এবার আসাদউদ্দিন ওয়াইসির দল ‘অল ইন্ডিয়া মজলিস-এ ইত্তেহাদুল মুসলিমিন’ বা মিমের (AIMIM) সঙ্গে বামেদের যোগাযোগের খবর সামনে আসছে। আলিমুদ্দিন স্ট্রিট সূত্রের খবর, সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তি মিমের রাজ্য সভাপতির সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন।সিপিএমের পক্ষ থেকে ফোন পাওয়ার কথা সংবাদমাধ্যমের কাছে স্বীকার করে নিয়েছেন মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি। তিনি জানান, যখন ফোনটি আসে তখন তিনি একটি সভায় ব্যস্ত ছিলেন। তবে তিনি সরাসরি সিপিএম নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। সোলাঙ্কির কথায়, “আমার কাছে ফোন এসেছিল। সিপিএমের সঙ্গে নিশ্চয়ই বসব। ওরা ঠিক কী চাইছে, সেটা জানতে চাইব। কলকাতা বা মুর্শিদাবাদ—যেখানেই হোক, আমি আলোচনায় বসতে রাজি।”সাম্প্রতিক সময়ে মালদহ ও মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে মিম তাদের সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছে। নিয়মিত মিটিং-মিছিলের মাধ্যমে তারা জনভিত্তি তৈরির চেষ্টা করছে। অন্যদিকে, জোট নিয়ে বামেদের বর্তমান পরিস্থিতি বেশ জটিল কংগ্রেস আগেই জানিয়ে দিয়েছে তারা বামেদের সঙ্গে জোটে যাচ্ছে না,আলিমুদ্দিনের নেতাদের একাংশ হুমায়ুন কবীরের ওপর এতটাই ক্ষুব্ধ যে তাঁর প্রসঙ্গটি এখন ‘ক্লোজড চ্যাপ্টার’ হিসেবেই দেখা হচ্ছে。হুমায়ুন কবীর তাঁর ‘জনতা ইউনাইটেড পার্টি’ তৈরির পর মিমের সঙ্গে জোটের ইঙ্গিত দিয়েছিলেন। এবার খোদ সিপিএমের পক্ষ থেকে মিমকে ফোন করার ঘটনা নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। যদিও এই ফোনালাপের বিষয়ে সিপিএম নেতৃত্বের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। শেষ পর্যন্ত মিম ও বামেদের এই প্রাথমিক যোগাযোগ কোনো নির্বাচনী সমঝোতায় পৌঁছায় কি না, সেটাই এখন দেখার।