নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার উত্তেজনার মাঝেই চরম নৃশংসতার সাক্ষী থাকল কলকাতার বেলেঘাটা। ভোট গণনার দিন সন্ধ্যায় বাড়ির বাইরে থেকে এক সক্রিয় তৃণমূলকর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম বিশ্বজিৎ পট্টানায়ক। জানা গিয়েছে, তিনি শাসকদলের হয়ে বুথ এজেন্টের দায়িত্ব সামলেছিলেন। গণনার দিন সারাদিন বাড়িতেই ছিলেন তিনি, কিন্তু সন্ধের এক রহস্যময় ফোনই তাঁর জীবনে কাল হয়ে দাঁড়ালো বলে দাবি পরিবারের।মৃত যুবকের বোন ও পরিবার সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতির কথা মাথায় রেখে বিশ্বজিৎকে ওইদিন বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছিল। তিনি কথা রেখে সারাদিন বাড়িতেই ছিলেন। কিন্তু ঘড়ির কাঁটায় তখন সন্ধে সাড়ে সাতটা; আচমকাই বিশ্বজিতের ফোনে একটি কল আসে। সেই ফোন পেয়েই তিনি তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে যান। এরপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তিনি আর ফিরে আসেননি, এমনকি বারবার ফোন করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা যখন বাড়ির বাইরে খুঁজতে বেরোন, তখন তাঁদের চোখে পড়ে এক বীভৎস দৃশ্য। দেখা যায়, বাড়ির সামনের একটি দরজা ভাঙা অবস্থায় পড়ে আছে এবং তার ঠিক কাছেই নিথর, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে রয়েছেন বিশ্বজিৎ। তাঁর পকেটে থাকা মোবাইল ফোনটিও ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে।[TECHTARANGA-POST:8778]এই ঘটনায় ইতিমধ্যেই বেলেঘাটা থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের স্পষ্ট অভিযোগ, বিশ্বজিৎ আজীবন নিষ্ঠার সঙ্গে তৃণমূলের কাজ করে এসেছেন, তাই রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। যদিও প্রাথমিক এফআইআরে নির্দিষ্ট কারোর নাম উল্লেখ করা হয়নি, তবে ঘটনার নেপথ্যে থাকা রহস্যভেদ করতে পুলিশ তদন্ত শুরু করেছে। পকেট থেকে উদ্ধার হওয়া ভাঙা ফোনটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ভোটের ফল প্রকাশের রাতে খাস কলকাতায় এমন ‘খুন’ সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।হিডেন স্টোরিজ নিউজ
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার