Hidden Stories (বাংলা)

West Bengal Weather: পুজোর মুখে বড় আপডেট! ষষ্ঠী থেকে দশমী আবহাওয়া নিয়ে আবহাওয়া দফতরের মারাত্মক পূর্বাভাস

কলকাতা: উৎসবের মরশুম মানেই ঘরোয়া আড্ডা, ঠাকুর দেখা আর নতুন জামাকাপড়ের উন্মাদনা। কিন্তু এই আনন্দের মাঝেই পুজোপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে হাওয়া অফিসের নতুন বুলেটিন। বঙ্গোপসাগরে ফের দানা বাঁধছে নিম্নচাপ, যার জেরে মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির ভ্রূকূটি রয়েছে। একদিকে যখন মণ্ডপে মণ্ডপে আলোর রোশনাই আর ঢাকের আওয়াজ জোরালো হচ্ছে, ঠিক তখনই প্রকৃতির খামখেয়ালি মেজাজ উৎসবের আনন্দে বাধা হয়ে দাঁড়াতে পারে কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুজোর ঠিক মুখেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আন্দামান সাগরেও। যদিও স্বস্তির বিষয় হলো, এই নিম্নচাপটির সরাসরি অভিমুখ অন্ধ্রপ্রদেশের দিকে থাকার কথা, তবুও এর পরোক্ষ প্রভাবে বাংলার আকাশে মেঘের আনাগোনা এবং বৃষ্টির পূর্বাভাস এড়ানো যাচ্ছে না। এদিকে আগামী দুদিনের মধ্যেই রাজ্য থেকে পাকাপাকিভাবে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। রাঁচির উপর দিয়ে ইতিমধ্যেই বর্ষা বিদায়ের রেখা অবস্থান করছে। মঙ্গল ও বুধবার আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও, বিকেলের দিকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির ছিটেফোঁটা দেখা দিতে পারে।[TECHTARANGA-POST:13560]তবে আসল আশঙ্কা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের আকাশ মূলত মেঘলা থাকবে। এই কদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, যা প্যান্ডেল হপিং বা ঠাকুর দেখার পরিকল্পনায় কিছুটা হলেও জল ঢালতে পারে। তবে রবিবারের পর থেকে আবহাওয়া ফের শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং কমতে পারে বৃষ্টির পরিমাণ। অন্যদিকে, উত্তরবঙ্গের ছবিটা অনেকটাই আলাদা। সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং সেখানেও বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে শুক্র ও শনিবারে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। পুজোয় বৃষ্টির ভ্রূকূটি থাকলেও, পুজোর দিনগুলোতে ধীরে ধীরে পারদ কিছুটা নামতে পারে এবং রাতের দিকে মনোরম আমেজ অনুভূত হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

West Bengal Weather: পুজোর মুখে বড় আপডেট! ষষ্ঠী থেকে দশমী আবহাওয়া নিয়ে আবহাওয়া দফতরের মারাত্মক পূর্বাভাস