“তৃণমূল হঠাৎ কর্পোরেট হয়ে গেল, মূল্যায়ন হয়নি আমারও!” বিস্ফোরক অনন্যা, আইপ্যাকের ‘লুডো’ নিয়ে তুললেন চরম প্রশ্ন
কলকাতা: পশ্চিমবঙ্গে পালাবদলের পর এবার তৃণমূলের অন্দরের ক্ষোভ আছড়ে পড়ল প্রকাশ্যে। দলের দীর্ঘদিনের সৈনিক তথা কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায় এবার সরব হলেন নেতৃত্বের বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর অনন্যার স্পষ্ট দাবি, জনাদেশকে অস্বীকার করার জায়গা নেই। মানুষই এই পরিবর্তন নিয়ে এসেছে। তাঁর মতে, গত ১০ বছর ধরে কাউন্সিলর হিসেবে কাজ করলেও দলে তাঁর কোনও পদোন্নতি হয়নি বা কাজের সঠিক মূল্যায়ন করা হয়নি। [TECHTARANGA-POST:8974]অনন্যা বিস্ফোরক অভিযোগে জানিয়েছেন, তৃণমূল এক সময় ‘মা-মাটি-মানুষের’ দল থাকলেও পরবর্তীতে তা হঠাৎ করেই ‘কর্পোরেট’ এবং ‘এজেন্সি নির্ভর’ হয়ে পড়েছিল। দলের অন্দরে অভাব-অভিযোগ জানানোর মতো কোনও গণতান্ত্রিক পরিবেশই অবশিষ্ট ছিল না বলে তাঁর দাবি।[TECHTARANGA-POST:8973]ভোট কুশলী সংস্থা আইপ্যাক-কেও কাঠগড়ায় তুলেছেন অনন্যা। নির্বাচনের আগে বিলি করা ‘লুডো বোর্ড’ নিয়ে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, মানুষকে পরোক্ষভাবে বলা হয়েছিল ‘তোমাদের ভবিষ্যতে আর কিছু করার নেই, তোমরা লুডো খেলো’। আজ মানুষ সেই লুডো খেলেই সাপের মুখে ফেলে দলকে নিচে নামিয়ে দিয়েছে। অভিনেতা অরূপ বিশ্বাসের পরাজয় নিয়ে বিস্ময় প্রকাশ করলেও অনন্যা মেনে নিয়েছেন যে, এবার মানুষ প্রার্থী নয় বরং দল দেখেই ভোট দিয়েছে।[TECHTARANGA-POST:8971] টলিউডের ‘ব্যান কালচার’ বন্ধ হওয়ার প্রতিশ্রুতি নিয়ে আশাবাদী হলেও অনন্যা নিজে ভবিষ্যতে রাজনীতি করবেন কি না, তা নিয়ে ধন্দে রয়েছেন। ২০১৯ সাল থেকেই বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব থাকলেও এখনই দলবদল নিয়ে তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নিতে চান না তিনি। তবে দলের এই পরাজয়ের নেপথ্যে যে অভ্যন্তরীণ ‘কর্পোরেট সংস্কৃতি’ দায়ী, তা নিয়ে কোনও রাখঢাক করেননি এই অভিনেত্রী-কাউন্সিলর।