প্রথম দফার ভোটের ঠিক আগে রণক্ষেত্রের চেহারা নিল ক্যানিং পূর্বের চাঁদপুর এলাকা। তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগের তির আইএসএফ নেতা আরাবুল ইসলাম ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। [TECHTARANGA-POST:8290]তৃণমূলের দাবি, আইএসএফ-এর একটি র্যালি যাওয়ার সময় আচমকাই তৃণমূল পঞ্চায়েত সদস্য ফিরোজা বিবির বাড়িতে অতর্কিতে হামলা চালায় একদল দুষ্কৃতী। বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে বাইক এবং সিসিটিভি ক্যামেরাও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই নজিরবিহীন হামলার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক শওকত মোল্লা এবং তৃণমূল প্রার্থী বাহারুল ইসলাম। তাঁরা এই ঘটনার জন্য সরাসরি আইএসএফ-কে দায়ী করে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন।[TECHTARANGA-POST:8278]পাল্টা সুর চড়িয়েছে আইএসএফ শিবিরও। তাদের দাবি, র্যালি করে ফেরার সময় তৃণমূল সমর্থকরাই প্রথমে তাঁদের গাড়ি লক্ষ্য করে গালিগালাজ ও উস্কানি দেয়, যা থেকেই বচসা ও হাতাহাতির সূত্রপাত। মুহূর্তের মধ্যে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা, যত্রতত্র পড়ে থাকতে দেখা যায় ভাঙাচোরা বাইক। পরিস্থিতি সামাল দিতে ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। বর্তমানে নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ কর্মী। ভোটের প্রাক্কালে ক্যানিংয়ের এই রাজনৈতিক সংঘাত সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি করেছে।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার