১০ দিন পর জেলমুক্তি! ইভিএম-গুজব মামলায় শর্তসাপেক্ষে জামিন গর্গ চট্টোপাধ্যায়কে
কলকাতা: টানা ১০ দিন লালবাজারের লক-আপ ও জেল হেফাজতে কাটানোর পর অবশেষে জামিন পেলেন ‘বাংলা পক্ষ’ সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান গর্গ চট্টোপাধ্যায়। শুক্রবার কলকাতার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (CMM) আদালত শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছে। গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রুজু হওয়া সমস্ত মামলাতেই জামিন মেলায় তাঁর জেলমুক্তিতে আর কোনও আইনি বাধা রইল না। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে খুব শীঘ্রই তিনি কারাগার থেকে বাইরে আসবেন বলে জানা গিয়েছে। প্রিয় নেতার এই জেলমুক্তির খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে মেতে উঠেছেন বাংলা পক্ষের সদস্য ও সমর্থকরা।[TECHTARANGA-POST:9385]বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব চলাকালীন ইভিএম নিয়ে সমাজমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে গত ১২ মে পুলিশ গ্রেফতার করেছিল গর্গ চট্টোপাধ্যায়কে। নির্বাচন চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকমের পোস্ট করে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি করার অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হয়েছিলেন উত্তর কলকাতার দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার (DEO)। সেই অভিযোগের ভিত্তিতে লালবাজারের পক্ষ থেকে গর্গকে দু’বার জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠিয়ে তলব করা হয়েছিল। কিন্তু, তিনি হাজিরা না দেওয়ায় ১২ মে পুলিশ তাঁকে গ্রেফতার করে। সেই রাতেই তাঁকে লালবাজারের লক-আপে রাখা হয় এবং পরের দিন আদালতে পেশ করা হলে বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেন।[TECHTARANGA-POST:9383]এরপর বেশ কয়েকদিন কারাবাস করার পর, আজ শুক্রবার তাঁকে সংশোধনাগার থেকে ভার্চুয়ালি কলকাতার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হয়। সেখানে দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারক শর্তসাপেক্ষে গর্গের জামিন মঞ্জুর করেন।[TECHTARANGA-POST:9382]আদালত সূত্রে জানা গিয়েছে, ২ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে গর্গ চট্টোপাধ্যায়কে এই শর্তাধীন জামিন দেওয়া হয়েছে। তবে জামিন পেলেও তাঁকে কিছু কড়া নিয়ম মেনে চলতে হবে। শর্ত অনুযায়ী, প্রতি সপ্তাহে অন্তত একবার এই মামলার তদন্তকারী অফিসারের (IO) সঙ্গে দেখা করতে হবে গর্গকে। পাশাপাশি, পুলিশি তদন্তে সবরকমের সহযোগিতা করারও নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, এর আগে ময়দান থানায় গর্গের বিরুদ্ধে দায়ের হওয়া একটি পুরনো মামলায় তিনি আগেই জামিন পেয়েছিলেন। এবার লালবাজারের সাইবার থানার মূল মামলাটিতেও জামিন মেলায় দীর্ঘ ১০ দিন পর মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চলেছেন বাংলা পক্ষের এই বিতর্কিত তথা জনপ্রিয় মুখ।