Hidden Stories (বাংলা)

সপ্তাহান্তে ফের ভিজবে বাংলা? নিম্নচাপের জেরে একাধিক জেলায় বৃষ্টি, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

কলকাতাঃ সপ্তাহান্তেই বদলাতে চলেছে বাংলার আবহাওয়ার মেজাজ। বঙ্গোপসাগরে আবহাওয়া পরিবর্তনের প্রভাবে ফের ভিজতে চলেছে গোটা রাজ্য। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে। তারই প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।হাওয়া অফিস জানিয়েছে, ২৯ থেকে ৩১ আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওডিশা এবং বাংলাদেশ উপকূলের পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ-সহ বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ-সহ প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।  

সপ্তাহান্তে ফের ভিজবে বাংলা? নিম্নচাপের জেরে একাধিক জেলায় বৃষ্টি, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা