দিল্লিতে হাইভোল্টেজ তলব! কুর্সি হারাচ্ছেন সিদ্দারামাইয়া? কর্নাটকজুড়ে পড়ল ‘হবু মুখ্যমন্ত্রী ডিকে’র পোস্টার
বেঙ্গালুরু: কর্নাটকের কংগ্রেস সরকারের অন্দরে চলা দীর্ঘদিনের কুর্সি কোন্দল এবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাল। দক্ষিণ ভারতের এই রাজ্যে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জল্পনার মাঝেই এক মস্ত বড় খবর সামনে আসছে। কংগ্রেস হাইকম্যান্ডের তরফে আগামী মঙ্গলবার, ২৬ মে দিল্লির দরবারে তলব করা হয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে। রাজনৈতিক মহলের খবর, ১০ জনপথের এক রুদ্ধদ্বার বৈঠকেই কর্নাটকের মুখ্যমন্ত্রী পদের রদবদল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেরা। এদিকে সিদ্দারামাইয়াকে দিল্লি তলবের খবর চাউর হতেই আসরে নেমে পড়েছেন উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের অনুগামীরা। রাতারাতি বেঙ্গালুরু থেকে বেলগাভি—গোটা রাজ্যজুড়ে শিবকুমারকে ‘হবু মুখ্যমন্ত্রী’ ঘোষণা করে একের পর এক বিরাট পোস্টার ও কাটআউট পড়তে শুরু করেছে।[TECHTARANGA-POST:9459]আসলে কর্নাটকে কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী পদ নিয়ে সিদ্দারামাইয়া ও ডি কে শিবকুমারের মধ্যে দড়ি টানাটানি চলছিল। দলের অন্দরের খবর, সরকার গঠনের সময় হাইকম্যান্ডের উপস্থিতিতে দুই নেতার মধ্যে একটি সমঝোতা হয়েছিল। চুক্তি ছিল, আড়াই বছর করে দুজনেই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন। কিন্তু সরকারের ৩ বছর কেটে গেলেও সিদ্দারামাইয়া পদ ছাড়েননি। আর এই নিয়েই গত ৬ মাস ধরে ক্ষোভে ফুঁসছিলেন শিবকুমারের সমর্থকরা। গত নভেম্বর মাসে শিবকুমার প্রকাশ্যেই নিজের দাবি জানালে পরিস্থিতি সামাল দিতে খোদ রাহুল গান্ধীকে ময়দানে নামতে হয়েছিল। তবে এবার আর জল মাপার সময় নেই, মঙ্গলবার দিল্লির এই হাইভোল্টেজ বৈঠক ঘিরেই কর্নাটকের রাজনীতির পারদ এখন টগবগ করে ফুটছে।[TECHTARANGA-POST:9434]মুখ্যমন্ত্রী বদলের এই তুমুল জল্পনার মাঝেই মহীশূরে ডি কে শিবকুমারের জন্মদিনের এক অনুষ্ঠানকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। শিবকুমারের সমর্থকরা সেখানে যে বিশেষ কেকটি কেটেছেন, তাতে বড় বড় অক্ষরে লেখা ছিল ‘নেক্সট সিএম ডিকে বস’ বা পরবর্তী মুখ্যমন্ত্রী ডিকে বস। শিবকুমার ও সিদ্দারামাইয়া দুজনেই অবশ্য ক্যামেরার সামনে দাবি করেছেন যে, হাইকম্যান্ড যে সিদ্ধান্ত নেবে তাঁরা সেটাই মাথা পেতে নেবেন। কিন্তু তলে তলে যে কুর্সি দখলের লড়াই এক ইঞ্চিও জমি ছাড়েনি, তা শিবকুমার শিবিরের এই দেওয়াল লিখন আর পোস্টার যুদ্ধ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে।[TECHTARANGA-POST:9414]কংগ্রেসের শীর্ষ সূত্রের খবর, মঙ্গলবারের এই মেগা বৈঠকে খোদ এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী উপস্থিত থাকবেন। দুই হেভিওয়েট নেতার মধ্যকার ঠান্ডা লড়াই থামানোর পাশাপাশি কর্নাটক মন্ত্রিসভায় এক বড়সড় রদবদল নিয়ে আলোচনা হতে পারে। সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষে দুই শিবিরের বিধায়কদেরই সন্তুষ্ট রাখতে হবে দলকে। তাই ড্যামেজ কন্ট্রোল করতে বেশ কয়েকজন পুরনো ও প্রভাবশালী মন্ত্রীকে বাদ দিয়ে একঝাঁক নতুন এবং তরুণ মুখকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে। এখন দেখার, মঙ্গলবারের রুদ্ধদ্বার বৈঠক শেষে সিদ্দারামাইয়ার কুর্সি বাঁচে নাকি কর্নাটকের তখতে বসেন ট্রাবলশুটার ডি কে শিবকুমার।হিডেন স্টোরিজ নিউজ