Hidden Stories (বাংলা)

‘ভুল করেছি, প্রায়শ্চিত্ত করতে হবে', বিস্ফোরক বার্তায় তৃণমূলকে বিদায় প্রাক্তন কাউন্সিলরের

তারাতলা বিপর্যয়কে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন চাঞ্চল্য। তৃণমূল কংগ্রেস ছাড়ার ঘোষণা করলেন কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা বিশ্বরূপ দে। বৃহস্পতিবার বিকেলেও উত্তর কলকাতায় তৃণমূলের একটি সভায় তাঁকে দেখা গিয়েছিল। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই রাতের দিকে একটি ভিডিও বার্তা প্রকাশ করে দল ছাড়ার সিদ্ধান্তের কথা জানান তিনি।[TECHTARANGA-POST:10290]বিশ্বরূপ দে বলেন, তারাতলার ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত। বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পরই তিনি জানতে পারেন, তারাতলার ওই গুদামের বিল্ডিং প্ল্যান অনুমোদনে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের স্বাক্ষর ছিল। সেই তথ্য সামনে আসার পর তৃণমূল কংগ্রেসে থাকা তাঁর পক্ষে আর সম্ভব নয় বলেই সিদ্ধান্ত নেন বলে দাবি করেন তিনি। ভিডিও বার্তায় বিশ্বরূপ বলেন, "তৃণমূল কংগ্রেস ও জোড়াফুলের সঙ্গে আর নিজেকে জড়িয়ে রাখতে চাই না। জীবনে অনেক ভুল করেছি। সেই ভুলের প্রায়শ্চিত্ত হয়তো আগামী দিনে করতে হবে।" তিনি আরও অভিযোগ করেন, তৃণমূলের গাফিলতির কারণেই তারাতলার মতো ভয়াবহ বিপর্যয় ঘটেছে। একইসঙ্গে গার্ডেনরিচের দুর্ঘটনার প্রসঙ্গও টেনে এনে বলেন, এই ধরনের ঘটনার দায় এড়ানো যায় না।[TECHTARANGA-POST:10289]উল্লেখ্য, বৃহস্পতিবার উত্তর কলকাতা জেলা তৃণমূলের উদ্যোগে 'আমরা বেইমান নই' শীর্ষক একটি সভার আয়োজন করা হয়েছিল। কালীঘাট তৃণমূলের ডাকা ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্বরূপ দে। সেই সভা শেষ করে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই দল ছাড়ার ঘোষণা করায় রাজনৈতিক মহলে জল্পনা আরও বেড়েছে। এদিকে, তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৪-তে পৌঁছেছে। বৃহস্পতিবার বিধানসভায় এই ঘটনার জন্য তৃণমূলকেই দায়ী করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, তারাতলার গুদামের বিল্ডিং প্ল্যান অনুমোদনের নথিতে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের স্বাক্ষর রয়েছে। পাশাপাশি তিনি ফিরহাদের প্রাক্তন ওএসডি 'কালী'-র নামও উল্লেখ করেন। মুখ্যমন্ত্রীর দাবি, কলকাতা পুরসভার একাধিক বিল্ডিং অনুমোদনের ক্ষেত্রে কালী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন এবং তাঁর অজান্তে কোনও অনুমোদন হতো না। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই তারাতলা কাণ্ডের তদন্তে বিশেষ তদন্তকারী দল (SIT) কালীকে গ্রেপ্তার করে। এই ঘটনার জেরেই তৃণমূলকে কাঠগড়ায় তুলে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বিশ্বরূপ দে। তাঁর এই পদক্ষেপ রাজ্যের রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

‘ভুল করেছি, প্রায়শ্চিত্ত করতে হবে', বিস্ফোরক বার্তায় তৃণমূলকে বিদায় প্রাক্তন কাউন্সিলরের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার