ভোটের দিন মোটের ওপর শান্ত থাকলেও বিকেলের দিকে উত্তেজনা ছড়াল উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে। ৩১ নম্বর ওয়ার্ডের আলিপুর খেলার মাঠ সংলগ্ন ২৮২ নম্বর বুথের বাইরে এক সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। বাম প্রার্থী দীপ্সিতা ধরের অভিযোগ, বুথ থেকে ১০০ মিটার দূরে দাঁড়িয়ে থাকা তাঁদের এক রিলিভার কর্মীকে একা পেয়ে আক্রমণ করেন স্থানীয় তৃণমূল কাউন্সিলারের অনুগামীরা। দীপ্সিতার দাবি, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলার সুজয় দাসের ঘনিষ্ঠরাই এই ঘটনার নেপথ্যে রয়েছেন। আক্রান্ত কর্মীকে উদ্ধারের পাশাপাশি পুলিশের কাছে এই নিয়ে লিখিত অভিযোগও জানিয়েছেন বাম প্রার্থী।[TECHTARANGA-POST:8544]তৃণমূলের বিরুদ্ধে এলাকায় ভয় দেখানোর অভিযোগ তুলে দীপ্সিতা আরও বলেন, বুথের অদূরেই একটি দোকানে একদল তৃণমূল কর্মী-সমর্থক জমায়েত করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। এই বিষয়ে পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। তবে এই বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে উত্তর দমদমের সামগ্রিক ভোট প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন দীপ্সিতা। তাঁর মতে, মানুষ এবার নিজের ভোট নিজে দিতে পেরেছেন। যদিও মারধরের এই অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। বুধবার বিকেল পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার