স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বিপ্লবীদের সশস্ত্র লড়াইয়ের অধ্যায় বরাবরই আলাদা গুরুত্ব বহন করে। সেই ইতিহাসেরই কিছু অজানা দিক এবার উঠে আসছে ওটিটি-র পর্দায়। ১১ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ঐতিহাসিক পিরিয়ড ড্রামা ‘দ্য রেভলিউশনারিজ’। পরিচালনা করেছেন নিখিল আডবাণী। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লবীদের আদর্শ, সাহস এবং আত্মত্যাগকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই সিরিজ।[TECHTARANGA-POST:12545]সিরিজ মুক্তির দিনেই শুটিংয়ের বেশ কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী পাওলি দাম। ছবিগুলিতে ধরা পড়েছে সেটের নানা মুহূর্ত। সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পাওলি। ফলে তাঁর লুক এবং চরিত্র নিয়েও দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। তবে ‘দ্য রেভলিউশনারিজ’-এর অন্যতম আকর্ষণ এর কাস্টিং। সিরিজে রাসবিহারী বসুর চরিত্রে অভিনয় করেছেন ভুবন বাম। বিপ্লবী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ রাসবিহারী বসুর গোপন কর্মকাণ্ড এবং ব্রিটিশবিরোধী সংগ্রামের নানা দিক এই গল্পের গুরুত্বপূর্ণ অংশ। শচীন্দ্রনাথ সান্যালের ভূমিকায় রয়েছেন রোহিত সরফ। বিপ্লবী আন্দোলনে তাঁর ভূমিকা এবং সেই সময়ের নানা ঘটনাও সিরিজের গল্পে জায়গা পেয়েছে।[TECHTARANGA-POST:12538]প্রতিভা লাহিড়ীর চরিত্রে দেখা যাবে প্রতিভা রান্তাকে। শচীন্দ্রনাথ সান্যালের স্ত্রী প্রতিভা লাহিড়ীও স্বাধীনতা আন্দোলনের গোপন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। আর বাংলার বিপ্লবী আন্দোলনের অন্যতম পরিচিত নাম বাঘা যতীনের চরিত্রে অভিনয় করেছেন গুরফতেহ পিরজাদা। তাঁদের পাশাপাশি সিরিজে রয়েছেন পাওলি দাম, টোটা রায়চৌধুরী, কাশিশ সালুজা-সহ আরও একাধিক অভিনেতা। জেসন শাহকে দেখা যাবে জেনারেল ডায়ারের চরিত্রে।