প্রধানমন্ত্রীকে খুনের ছক? বেঙ্গালুরুতে মোদীর যাত্রাপথে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১
বেঙ্গালুরু: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাত্রাপথে বিস্ফোরক উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল বেঙ্গালুরুতে। রবিবার মোদীর কনভয় যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল, সেখান থেকেই উদ্ধার হয়েছে বেশ কিছু জিলেটিন স্টিক। এই ঘটনায় বড়সড় কোনও নাশকতার ছক ছিল কিনা, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। ইতিমত্যেই এক সন্দেহভাজন যুবককে আটক করা হয়েছে।[TECHTARANGA-POST:8961]পুলিশ সূত্রে খবর, রবিবার বেঙ্গালুরুর ‘আর্ট অফ লিভিং’ সেন্টারে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। তাঁর সফরের আগেই পুলিশের কাছে একটি উড়ো ফোন আসে। ফোনে দাবি করা হয়, এইচএএল বিমানবন্দর এবং আর্ট অফ লিভিং সেন্টারে বিস্ফোরণ হতে পারে। এই সতর্কবার্তা পাওয়ার পরেই তড়িঘড়ি চিরুনি তল্লাশিতে নামে পুলিশ। তল্লাশি চলাকালীন কাগ্গালিপুরা এলাকার থাথাগুনির কাছে রাস্তার ধার থেকে উদ্ধার হয় জিলেটিন স্টিকগুলি।[TECHTARANGA-POST:8950]ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত তদন্ত শুরু করে পুলিশ কোরামাঙ্গালা এলাকা থেকে ওই সন্দেহভাজন যুবককে আটক করেছে। জানা গিয়েছে, এই যুবকই ভোরে থানায় ফোন করে বিস্ফোরণের আগাম আশঙ্কার কথা জানিয়েছিলেন। এইচএএল বিমানবন্দরের কাছে কিছু পাওয়া না গেলেও প্রধানমন্ত্রীর যাওয়ার পথে জিলেটিন স্টিক মেলায় ঘনীভূত হচ্ছে রহস্য। ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন, বিস্ফোরকগুলি কোথা থেকে এল এবং এর নেপথ্যে কাদের হাত রয়েছে, তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।[TECHTARANGA-POST:8929]তদন্তকারীদের দাবি, ধৃত যুবক আগেও ভিআইপিদের সফরের সময় এই ধরনের ফোন করে পুলিশকে বিভ্রান্ত করেছেন। এর আগে তাঁকে আটক করা হলেও মানসিক সমস্যার কথা জানতে পেরে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে, এবার নিছক মানসিক সমস্যা নাকি এর পিছনে গভীর কোনও ষড়যন্ত্র রয়েছে, তা জানতে যুবকের পাশাপাশি তাঁর বাবা-মাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগে এই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় শহরজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।